দ্বিতীয় দফার ভোটের সকালে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে। সাংবাদিকদের ভোট কেমন হচ্ছে প্রশ্নে একগাল হেসে জবাব দিলেন-'ভালো ভোট হচ্ছে, ভালো ভোট হবে। এবার এ...
দ্বিতীয় দফার ভোটের সকালে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে। সাংবাদিকদের ভোট কেমন হচ্ছে প্রশ্নে একগাল হেসে জবাব দিলেন-'ভালো ভোট হচ্ছে, ভালো ভোট হবে। এবার এটা গণতন্ত্রের উৎসব হচ্ছে।' উল্লেখিত, এর আগেও দ্বিতীয় দফার ভোট নিয়ে আশাবাদী ছিলেন সিইও মনোজ। বলেছিলেন প্রথম দফার থেকেও দ্বিতীয় দফায় বেশি ভোট পড়বে। এবার তাঁর সেই ভবিষৎবাণী শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হবে কিনা, তা নিয়েও ক্রমেই বাড়ছে উত্তেজনা।
রাজ্যে ভয়মুক্ত ও অবাধ ভোট করাই উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনের। কিন্তু দ্বিতীয় দফা নির্বিঘ্নে মেটানোই এখন চ্যালেঞ্জ কমিশনের কাছে। কারণ, দ্বিতীয় দফায় যে কেন্দ্রগুলোতে ভোট হচ্ছে, তার অধিকাংশই 'স্পর্শকাতর' কমিশনের নজরে। এমতাবস্থায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিইও মনোজ বললেন, 'ভালো ভোট হচ্ছে। মানুষ এবার সংকল্প নিয়েছে নিজে গিয়ে ভোট দেবে। এটাই গণতন্ত্রের উৎসব।' অন্যদিকে নদিয়ার চাপড়ায় বিজেপি এজেন্টকে মারধরের ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়া হবেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর কথায়, 'এসব এবার চলবে না। ১০০ শতাংশ কড়া ব্যবস্থা নেওয়া হবে বিশৃঙ্খলার বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ এবার দেখিয়ে দিয়েছে দুটো দফাতেও নির্বাচন হওয়া সম্ভব। আগে যা কল্পনাও করা যেত না।
এদিন তিনি আরও বলেন, একাধিক জায়গা থেকে অভিযোগ এলেও এখনও তেমন কোনও বড় হিংসার কথা শোনা যায়নি। প্রতিটি জায়গায় পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী ও বুথে বুথে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফলে সহজেই সব ঘটনা পর্যবেক্ষণ করা যাচ্ছে।
আজ সকালে বুথ পরিদর্শনে বেরিয়ে একটি বিস্ফোরক অভিযোগ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, কেন্দ্রীয় বাহিনী ভোটারদের ভোট দিয়ে দিচ্ছে। এ বিষয়ে মনোজকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'কেন্দ্রীয় বাহিনী কেন ভোট দেবে? যদি ওরা পশ্চিমবঙ্গের ভোটার হয়, তাহলে দেবে।' পাশাপাশি কোনও বুথে অশান্তি মাত্রা ছাড়ালে সেখানে পুনর্নির্বাচন হবে বলেও আজ ফের একবার জানিয়ে দিয়েছেন সিইও মনোজ কুমার আগরওয়াল।