অবশেষে জল্পনার অবসান। মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। শুক্রবার কলকাতা পুরসভা থেকে একটি সাংবাদিক বৈঠক করে নিজের ইস্তফা দেওয়ার কথা জানান তিনি। প্রায় আট বছর ধরে এই মেয়র পদের দায়িত্ব সামলেছেন ফিরহ...
অবশেষে জল্পনার অবসান। মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। শুক্রবার কলকাতা পুরসভা থেকে একটি সাংবাদিক বৈঠক করে নিজের ইস্তফা দেওয়ার কথা জানান তিনি। প্রায় আট বছর ধরে এই মেয়র পদের দায়িত্ব সামলেছেন ফিরহাদ। একইসঙ্গে সামলেছেন কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের পুরমন্ত্রীর দায়িত্ব। এদিন কলকাতা পুরসভার চেয়ারম্যান মালা রায়ের কাছে পদত্যাগপত্র জমা দেন ফিরহাদ।
রাজনীতির ময়দানে ফিরহাদের সাবলীল বিচরণ বহুদিনের। কংগ্রেসের হাত ধরে প্রথম রাজনৈতিক উত্থান। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে যোগ। এবং কালে কালে মমতার সেনাপতি হয়ে ওঠা। তৃনমূল জমানায় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী থাকাকালীন ২০১৮ সালের নভেম্বরে কলকাতার মেয়র হন ফিরহাদ। তিনিই ছিলেন কেএমসি-র প্রথম মুসলমান মেয়র। এরপর ফের ২০২১ সালে তাঁকেই দ্বিতীয় বার মেয়রের আসনে বসানো হয়। এমতাবস্থায় প্রায় আট বছর মন্ত্রিত্ব এবং মেয়র পদ সমানতালে সামলানোর পর শুক্রবার ইস্তফা দিলেন ফিরহাদ।
বিগত বেশ কিছুদিন ধরেই ফিরহাদের ইস্তফা নিয়ে জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। গত বুধবার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ আচমকা দাবি করেছিলেন, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিরহাদের আলোচনা হয়েছে। সেখানে ফিরহাদ ইস্তফার জন্য তৃণমূল নেত্রীর কাছে আবেদন করেছেন। এবং সেই আবেদনে নেত্রী সম্মতি দিয়েছেন বলে জানিয়েছিলেন কুণাল। পরে অবশ্য কুণালের ওই মন্তব্যেকে 'অর্ধসত্য' করে ফিরহাদ পাল্টা জানান, তিনি ইস্তফার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি।