সার্ভে পার্ক থানার অন্তর্গত সন্তোষপুর এলাকায় তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী। পূর্বতন সরকারের লোগো দেওয়া বালতি, ত্রিপল মিলেছে বন্ধ ঘর থেকে। এমনকি বেশ কয়েকটি অক্সিজেন সিলিন্ডার প...
সার্ভে পার্ক থানার অন্তর্গত সন্তোষপুর এলাকায় তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী। পূর্বতন সরকারের লোগো দেওয়া বালতি, ত্রিপল মিলেছে বন্ধ ঘর থেকে। এমনকি বেশ কয়েকটি অক্সিজেন সিলিন্ডার পাওয়া গিয়েছে বলেও খবর সূত্রের। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একাধিকবার ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি বলে অভিযোগ।
জানা যাচ্ছে, এই পার্টি অফিসটি সিপিএমের ছিল। কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন ২০২০ সালে এই পার্টি অফিসটি জবরদখল করে তারা। কিন্তু গত ৪মে ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর পুনরায় পার্টি অফিসটি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেন এলাকার বাম কর্মীরা। অবশেষে পার্টি অফিসের তালা ভেঙে ঘরে ঢুকতেই নজরে আসে একের পর 'কুকর্মের' ফল। বালতি, ত্রিপল, স্টোভ থেকে শুরু করে যাবতীয় ত্রাণ সামগ্রী উদ্ধার হয় সেখান থেকে
এখানেই শেষ না, পার্টি অফিসের ভিতর থেকে একগুচ্ছ দলিল, নথিপত্র এমনকি আগ্নেয়াস্ত্র ব্যবহারের লাইসেন্স পাওয়া গিয়েছে বলে অভিযোগ। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কীভাবে বাড়ির জমির দলিল এল তৃণমূলের পার্টি অফিসে। কোন উদ্দেশ্যে মজুত করা হয়েছিল সেগুলো? ঘটনায় পূর্বতন সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার বাম কর্মীরা। তাঁরা জানিয়েছেন, ইতিমধ্যেই প্রশাসনের কাছে অভিযোগ জানান হয়েছে। প্রশাসনের তরফেই যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে।