ভোটের আগে দেওয়াল লেখাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড যাদবপুর বিধানসভার গরফা থানার অন্তর্গত সাপুইপাড়ায়। শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপির মধ্যে বাগবিতণ্ডা থেকে হাতাহাতি। তৃণমূলের দাবি যে দেওয়া...
ভোটের আগে দেওয়াল লেখাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড যাদবপুর বিধানসভার গরফা থানার অন্তর্গত সাপুইপাড়ায়। শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপির মধ্যে বাগবিতণ্ডা থেকে হাতাহাতি। তৃণমূলের দাবি যে দেওয়ালগুলিতে তাদের পারমিশন নেওয়া রয়েছে সেই দেওয়ালগুলি রাতের অন্ধকারে জবরদখল করে বিজেপির কর্মী ও কিছু বহিরাগতরা। বাধা দিতে গেলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ করেছে তৃণমূল। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয় তৃণমূলই উদ্দেশ্য প্রণোদিতভাবে দেওয়ালগুলি দখল করার কাজ করেছে। বাধা দিলে তৃণমূলের কর্মীরা কথা শোনে নি।
তৃণমূলের ওই এলাকার কর্মী টেবু অভিযোগ করেন বিজেপির কর্মীরা তাকে মারধর করেছেন। দুই দলের এই গোলমালে তৃণমূলের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করএছে শাসকদল। টেবু জানান যে দেওয়ালটি নিয়ে মূলত গোলমাল সেই দেওয়ালটি তার শশুড় বাড়ির। তার কাছে পারমিশনের কাগজও আছে। সেকথা বিজেপির কর্মীদের বলতে গেলে তারা একযোগে চড়াও হয় টেবুর উপর। ১০৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তরুণ মণ্ডল জানান ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে, সেই সময় পরিস্থিতি সামল দেওয়া গেলেও শনিবার সকালে আবারও সংঘর্ষ শুরু হয় দুই পক্ষের। বিজেপির দাবি ইতিমধ্যেই বিজেপির ৪ -৫ জন কর্মী সমর্থক এই ঘটনায় আহত হয়ে এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন।
বিজেপি অভিযোগ করেছে একটি দেওয়ালে বিজেপি তাদের আগামী নির্বাচনের এজেন্ডা লিখেছিল।সেই লেখা মুছে ফেলা হয় তৃণমূলের তরফে। শনিবার সকালবেলা ফের যখন বিজেপির কর্মী সমর্থকরা দেওয়াল লিখতে যায় সেই সময় চড়াও হয় ১০৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তরুণ মণ্ডল ও তার অনুগামীরা। টেবু নামের তৃণমূল সমর্থিত দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ।
গরফা থানায় বিজেপির তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে তরুণ মণ্ডলও জানিয়েছেন তাদের আহত কর্মীদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে , এরপর তারও অভিযোগ দায়ের করবেন। এখন দেখার দেওয়াল লেখাকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা কোন দিকে মোড় নেয়।