রাজ্যে সরকার বদল হতেই রেল ব্যবস্থায় দুরন্ত গতি আনতে তৎপর হয়েছে কেন্দ্র-রাজ্য। শনিবার নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের পর একাধিক বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান,...
রাজ্যে সরকার বদল হতেই রেল ব্যবস্থায় দুরন্ত গতি আনতে তৎপর হয়েছে কেন্দ্র-রাজ্য। শনিবার নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের পর একাধিক বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামীদিনে রাজ্যে ১ লক্ষ কোটির রেলপ্রকল্পের কাজ হবে। ১০২টি স্টেশনকে অমৃত ভারতের আওতায় আনা হবে। পাশাপাশি মেট্রো পথ সম্প্রসারণ নিয়েও বার্তা দিয়েছেন তিনি।
পূর্বতন সরকারের বিরুদ্ধে কেন্দ্রের একাধিক প্রকল্প আটকে রাখার অভিযোগ উঠেছিল। যার মধ্যে অন্যতম রেল প্রকল্প। এমতাবস্থায় রাজ্যে 'ডবল ইঞ্জিন' সরকারের হাতে ক্ষমতা যেতেই রেল ব্যবস্থার আধুনিকীকরণ ও পরিবহন ব্যবস্থা সহজ করার লক্ষ্যে ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্র ও রাজ্য। এদিন সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'কেন্দ্রের সঙ্গে বিগত রাজ্য সরকারের যুদ্ধ যুদ্ধ ভাব ছিল। মুখ্যমন্ত্রী আগের সরকার রেলমন্ত্রকের সঙ্গে কথা বলেনি। রেলবোর্ড, রেলমন্ত্রী বারবার চিঠি পাঠিয়েছেন। তা সত্ত্বেও কোনও প্রতিক্রিয়া দেননি। তা সত্ত্বেও গত ৫ বছরে মেট্রো ও বিভিন্ন রেলে প্রকল্পে ৪ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ করা হবে। ২০২৬-২৭ অর্থবর্ষে ১৪ হাজার ২০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবার ১ লক্ষ কোটি টাকার কাজ হবে।'
মুখ্যমন্ত্রী আরও জানান, বাংলায় ১০২টি অমৃত ভারত স্টেশন হবে। ৫৩৮টি ফ্লাইওভার ও আন্ডারপাসের কাজ হবে। সেই কারণে যেখানে যেখানে জমির প্রয়োজন হবে, তা দেবে রাজ্য। যার ফলে আরও উন্নত ও সহজ হবে পরিবহন ব্যবস্থা। এখনও পর্যন্ত বাংলার একাধিক জেলা রেল মানচিত্রের অন্তর্ভুক্ত নয়। তবে আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, করিমপুর, তেহট্ট, জলঙ্গি, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, হিলি-সহ বাংলার প্রত্যেক জায়গা রেল মানচিত্রের আওতাভুক্ত করা হবে।