পোড়া মাটির দেশ বাঁকুড়া। মল্ল রাজাদের রাজ্য বাঁকুড়া। পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ বাঁকুড়া। বাঁকুড়ায় এখন বাজছে ভোটের বাজনা। টেরাকোটা মন্দির, পোড়া মাটির ঘোড়া, বিষ্ণুপুরী সঙ্গীত, সিল্ক শাড়ি, ভোট উত্তাপ সব কিছু নিয়ে বাঁকুড়া অন্যান্য জেলা থেকে আলাদা। এবারের ভোট সমীকরণ আলোচনা করব। কিন্তু তার আগে জেনে নেব জেলার সীমানা।
জেলার সীমানা
বাঁকুড়া মানেই রাসমঞ্চ, জোড়বাংলো মন্দির। বাঁকুড়া মানে দলমাদল কামানের গল্প। বাঁকুড়া মানে বালুচরি শাড়িতে জিআই ট্যাগ। কলকাতা শহর পত্তনের কয়েক শতাব্দী আগে ৭৪৯ খ্রিস্টাব্দে বিষ্ণুপুর শহর গড়েছিলেন মল্ল রাজারা। মল্ল রাজ্যের সূত্রপাত ৬৯৫ খ্রিস্টাব্দে। প্রথম রাজা ছিলেন আদি মল্ল। রাজধানী ছিল কোতুলপুরের কাছে লাউগ্রাম। সেখান থেকে স্থানান্তরিত হয়ে বিষ্ণুপুর। ওই সময় ছিল মল্ল রাজা জয় মল্লের রাজত্ব। ধীরে ধীরে ব্রিটিশ সময় পেরিয়ে বাঁকুড়া এখন বাংলার রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জেলায় প্রাচীন ও নব্য প্রস্তর যুগের হাতিয়ারও খুঁজে পাওয়া গেছে, যা এর প্রাচীনত্বের প্রমাণ দেয় । বাঁকুড়া জেলার উত্তরে বর্ধমান পূর্ব ও পশ্চিম, পশ্চিমে পুুরুলিয়া। দক্ষিণে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্বে হুগলি । দামোদর নদ জেলাটিকে বর্ধমান থেকে আলাদা করেছে। বাঁকুড়া জেলায় মোট ১২ টি বিধানসভা কেন্দ্র।
ভোট ইতিহাস, ভোট ফল
জেলার গ্রামীণ এলাকা এবং পঞ্চায়েত স্তরে তৃণমূলের সংগঠন এখনও শক্তিশালী। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তৃণমূলের ভোটব্যাঙ্ক ধরে রাখতে সাহায্য করছে । অন্যদিকে ২০১৯ সালের লোকসভা ভোট এবং ২০২১ সালের বিধানসভা ভোটে বাঁকুড়ায় বিজেপির উত্থান ছিল চোখে পড়ার মতো। এক নজরে দেখে নেওয়া যাক গত দুই বিধানসভায় বাঁকুড়ার বিধানসভা কেন্দ্র গুলির ভোট ফল
শালতোড়া
২০১৬ সালে শালতোড়া বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের স্বপন বাউরি। ২০২১ সালে এই কেন্দ্রে ক্ষমতার পালাবদল ঘটে জয়ী হন বিজেপির চন্দনা বাউরি ।
ছাতনা
২০১৬ সালে এই কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন আরএসপির ধীরেন্দ্রনাথ লায়েক। ২০২১ সালে এখানেও ক্ষমতার পট পরিবর্তন হয় জিতেছিলেন বিজেপির সত্যনারায়ণ মুখোপাধ্যায়।
রানিবাঁধ
রানিবাঁধ কেন্দ্র থেকে ২০১৬ সালে জিতেছিলেন সিপিএম এর দেবলীনা হেমব্রম। ২০২১ সালে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের জ্যোৎস্না মান্ডি
রায়পুর
রায়পুর কেন্দ্র থেকে ২০১৬ সালে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের বীরেন্দ্রনাথ টুডু। ২০২১ সালে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের মৃত্যুঞ্জয় মুর্মূ।
তালডাংরা
এই কেন্দ্র থেকে ২০১৬ সালে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সমীর চক্রবর্তী। ২০২১ সালে এই কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন তৃণমূলের অরূপ চক্রবর্তী। যদিও ২০২৪ সালে অরূপ চক্রবর্তী লোকসভা ভোটে দাঁড়ালে এই কেন্দ্রে উপনির্বাচন ঘটে। জেতেন তৃণমূলের ফাল্গুনী সিংহ।
বাঁকুড়া
বাঁকুড়া কেন্দ্র থেকে ২০১৬ সালে জয় পেয়েছিলেন কংগ্রেসের শম্পা দরিপা। ২০২১ সালে এই কেন্দ্রে ক্ষমতার পটপরিবর্তন ঘটে। ২০২১ সালে এই কেন্দ্রে জয় পান বিজেপির নীলাদ্রিশেখর দানা।
বড়জোড়া
বড়জোড়া কেন্দ্র থেকে ২০১৬ সালে জয় পান সিপিএম এর সুজিত চক্রবর্তী। ২০২১ সালে এই কেন্দ্র থেকে জয় পান তৃণমূল কংগ্রেসের অলোক মুখোপাধ্যায়
ওন্দা
ওন্দা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের অরূপ কুমার খাঁ। ২০২১ সালে এই কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন বিজেপির অমরনাথ শাখা।
বিষ্ণুপুর
এই কেন্দ্র থেকে ২০১৬ সালে জয় পেয়েছিলেন কংগ্রেসের তুষারকান্তি ভট্টাচার্য। হারিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের শ্যামাপ্রসাদ মুখার্জিকে। ২০২১ সালে এই কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন বিজেপির তন্ময় ঘোষ।
কোতুলপুর
২০১৬ সালে কোতুলপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের শ্যামল সাঁতরা। এই কেন্দ্রেও পালাবদল ঘটে। ২০২১ সালে এই কেন্দ্রে জয় পান বিজেপির হরকালী প্রতিহার।
ইন্দাস
ইন্দাস থেকে ২০১৬ সালে জয় পান তৃণমূলের গুরুপদ মেটে। ২০২১ সালে এই কেন্দ্র থেকে জয় পান বিজেপির নির্মলকুমার ধারা
সোনামুখী
সোনামুখী কেন্দ্র থেকে ২০১৬ সালে জয় পেয়েছিলেন সিপিএম এর অজিত রায়। ২০২১ সালে এই কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন বিজেপির দিবাকর ঘরামি।
২০১৬ সালে বাঁকুড়া জেলার বিধানসভা ফল বিশ্লেষণ করলে দেখা যাবে ১২ টি আসনে তৃণমূল পেয়েছে ৬ টি আসন। সিপিএম এবং আরএসপি মিলিয়ে পেয়েছিল ৪ টি আসন, জাতীয় কংগ্রেস পেয়েছিল ২ আসন। বিজেপি এই জেলায় খাতা খুলতে পারেনি। ২০২১ সালে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। প্রবল ভাবে শক্তি বাড়িয়েছে বিজেপি। ২০২১ এ বিজেপি বাঁকুড়া জেলা থেকে জিতেছে মোট আটটি আসন।
লোকসভার ফল
এতো গেল বিধানসভার কথা চলুন দেখে নেওয়া যাক গত দুটি লোকসভা ইলেকশনে কেমন ফল করেছে বিজেপি?
বাঁকুড়া জেলায় মোট দুটি লোকসভা কেন্দ্র রয়েছে বাঁকুড়া ও বিষ্ণুপুর। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন সুভাস সরকার। তৃণমূলের হেভি ওয়েট নেতা সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়েছিলেন লক্ষাধিক ভোটে। কিন্তু ২০২৪ সালে তিনি পরাজিত হন তৃণমূলের অরূপ চক্রবর্তীর কাছে। বিষ্ণুপুর কেন্দ্র থেকে ২০১৯ সালে জয় পেয়েছিলেন বিজেপির সৌমিত্র খাঁ। ২০২১ সালেও এই কেন্দ্র থেকে জয় পান বিজেপির সৌমিত্র খাঁ
এবারের ভোট ইস্যু
মোটের ওপর বাঁকুড়া জেলায় এবারের নির্বাচনে লড়াই হবে দুই ফুলের মধ্যে। তবে কোন কোন ইস্যুর ওপর দাঁড়িয়ে এবারের ভোট হবে বাঁকুড়ায় এক নজরে দেখে নেওয়া যাক।
শালতোড়া, গঙ্গাজলঘাটি, মেজিয়া ব্লকের পাথর শিল্পাঞ্চলের প্রায় ৩০ হাজার বাসিন্দার জীবিকা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। পাথর খাদান ও ক্রাশার বন্ধ বা সংকুচিত হওয়ার ফলে কর্মসংস্থান কমে যাওয়া এবারের ভোটের বড় ইস্যু। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে, বিজেপির তরফে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার চক্রান্ত করছে। স্থানীয় পর্যায়ে বিজেপির যুব মোর্চার বুথ সভাপতি বা কর্মীদের তৃণমূলে যোগদানের প্রবণতা, বিশেষ করে সোনামুখীর মতো এলাকায়, এটিও একটি বড় রাজনৈতিক ইস্যু। বামেরা দুর্নীতিবিহীন সমাজের ইস্যু সামনে আনছে। অন্যদিকে, তৃণমূলের স্থানীয় নেতারা উন্নয়নের ধারা বজায় রাখার কথা বলছেন। বিষ্ণুপুরসহ বিভিন্ন এলাকায় জলের অভাব বা বাঁধের সমস্যা দীর্ঘদিনের ইস্যু, যা ভোটের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে যে, বিজেপি প্রার্থীরা কেন্দ্রীয় বাহিনীকে দলের কাজে ব্যবহার করছে, যা নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশও জানানো হয়েছে।
শুধুমাত্র অতীতের ফল দেখে ভবিষ্যৎ বলা উচিত হবে না। তবে এটুকু বলাই যেতে পারে বাঁকুড়ায় এবার ভোট হবে হাড্ডাহাড্ডি। কোন দিকে থাকবে জনগনের রায় তা জানতে অপেক্ষা করতেই হবে। আপনারা দেখুন বাংলা তুমি কার। সঙ্গে রাখুন সিএন ডিজিটাল।