অসীম সেন: সেই কবে রজনীকান্ত সেন লিখে গিয়েছেন। তুমি, অরূপ স্বরূপ, সগুণ নির্গুণ, দয়াল ভয়াল, হরি হে-আমি কিবা বুঝি, আমি কিবা জানি, আমি কেন ভেবে মরি হে। কেউ ভাবেনি, কিছু ভাবেনি। টলি পাড়ায় টেকনিশিয়ান, অভ...
অসীম সেন: সেই কবে রজনীকান্ত সেন লিখে গিয়েছেন। তুমি, অরূপ স্বরূপ, সগুণ নির্গুণ, দয়াল ভয়াল, হরি হে-আমি কিবা বুঝি, আমি কিবা জানি, আমি কেন ভেবে মরি হে। কেউ ভাবেনি, কিছু ভাবেনি। টলি পাড়ায় টেকনিশিয়ান, অভিনেতা, অভিনেত্রী স্বরূপ খুঁজে মরেছে অরূপের মহিমায়। ভগবান মেলে ভক্তিতে এখানে কাজ মিলত গান্ধি ছাপের শক্তিতে। অভিনেতারা নিজের অভিনয় ক্ষমতায় নয় কালীঘাটে নিজের সমর্পনের ওপর কাজ করার সুযোগ পেতেন। একান্ত অনুগত হয়ে জুলাই বিপ্লবে কিংবা দুর্গাপুজোর কার্নিভালে মুখ দেখাতে বাধ্য হতেন। ছেলের মুখের দিকে তাকিয়ে কেউ বা ব্রত পালন করতেন পরম আনুগত্যে।
রচনা, মিমি, নুসরাত, সোহম, কাঞ্চন, রাজ, কোয়েল এরকম এত এত নাম আছে যারা মানব বন্ধন করলে ভারত ঘেরা যাবে। তাঁরা উন্নয়ন দেখলেন, শিল্প দেখলেন। বিশ্বাসের ওপর ভর করে কেরিয়ার নদীতে নৌকা ভাসালেন। টালিগঞ্জের ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি ছিলেন অরূপ ভ্রাতা স্বরূপ বিশ্বাস। যেই না পালা বদলাল ওমনি আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে। আজ স্বরূপে মুখ ফিরিয়েছে সময়। নিজের বিয়ে করা কাউন্সিলর বউ পর্যন্ত নিস্কৃতি চেয়েছে। আয়না ভেঙে পড়ল । বিলি হল ক্রেট ক্রেট ডিম।
ডিম উপহার আর চোর চোর গান এখন বাংলায় ট্রেন্ডিং। অস্কার কমিটি সেই গীতিকারকে খুঁজছেন, যিনি 'শওকত মাছ চোর' -এর মত মহান গানের সৃষ্টি করেছেন। একদিন যার মাথার পিছনে দেবদ্যুতি নির্গত হত, এখন পিঁয়াজের খোলার মত স্তরে স্তরে অপরাধের ফিরিস্তি প্রকাশ পাচ্ছে। রয়েছে শ্লীলতাহানির অভিযোগ। রয়েছে তোলাবাজির অভিযোগ। নির্বিচারে টেকনিশিয়ানদের কাছ থেকে টাকা তুলতেন স্বরূপ বিশ্বাস।
রিজেন্টপার্ক এলাকার বাসিন্দা এক মেকআপ আর্টিস্টের অভিযোগে স্বরূপ দর্শন করেছে নিউ আলিপুর থানা। এবার কি কাজ পাবেন বাদশা, সব্যসাচী, অনির্বাণ? বর্তমান সরকারের আশ্বাস, যাঁরা টালিগঞ্জের সঙ্গে অপরাধ করেছেন, তাঁরা ছাড়া সকলে ফিরবেন কাজে। কোনও দল-বর্ণ দেখা হবে না। আশ্বাসে বিশ্বাস রেখে বিশ্বাস ব্রাদারকে আপাতত দূরে সরিয়েছে টালিগঞ্জ।