অসীম সেন: ধীরে ধীরে গোটা দলে অক্সিজেন কমছে। হাবুডুবু খাচ্ছে ব্যাঙাচি থেকে বোয়াল সাইজের নেতারা। মোহমুদ্গরে লেখা আছে 'কা তব কান্তা কস্তে পুত্রঃ'? তাই যদি হবে তাহলে দলেই বা নিজের বলতে কে থাকতে পারে? কিছু...
অসীম সেন: ধীরে ধীরে গোটা দলে অক্সিজেন কমছে। হাবুডুবু খাচ্ছে ব্যাঙাচি থেকে বোয়াল সাইজের নেতারা। মোহমুদ্গরে লেখা আছে 'কা তব কান্তা কস্তে পুত্রঃ'? তাই যদি হবে তাহলে দলেই বা নিজের বলতে কে থাকতে পারে? কিছুদিন আগেও অভিষেককে যারা ড্যানিয়েল নোবোয়া র সঙ্গে তুলনায় ক্লান্ত হননি, তাঁরা এখন অভিষেকের বাপবাপান্ত এক করে ছাড়ছে। এই তো কিছুদিন আগেও মায়ের সামনে মা মা করে কেঁদে ভাসাতেন উকিল বাবু। এখন দলের মাঝে বলে চলেছেন 'আমার ধর্মাধর্ম হল কুদণ্ড স্বরূপ উলুক্ষেত্র মাঝে কাটিলাম কূপ'। সবই ভূল সবই মায়া।
অন্যদিকে ঘোষদস্তিদার দিদি সবেমাত্র ফোঁসফোঁসানি শুরু করেছেন। শাসকদলের সভায় গিয়ে বলছেন, সুন্দরের এত সামনে দাঁড়িয়ে হঠাৎ আমার মন খারাপ হয়ে যায় ,মনে হয়, এ জীবন অন্যরকম হবার কথা ছিল। দলের সব পদ থেকে সরে দাঁড়ালেন বিবেক দংশনে। এতদিন ভাবনায় আসেনি কেন? ডাক্তার দিদির টাকা নেওয়ার ছবি তো হৃদমাঝারে রয়েইছে। এখন কিছু মানুষ বৈরাগী হচ্ছেন, কিছু ফেঁসে গিয়ে কোতোয়ালিতে আঁশ খোয়ানোর আশঙ্কা করছেন।
এই তো কয়েকদিন আগেও তিনি 'তোমাকে চাই তোমাকে চাই' বলে হেদিয়ে পড়েছিলেন। যাদবপুরের সাংসদ হয়ে পরম মমতায় বলেছিলেন মমতার নামে মন্দির হবে। সেই তিনিই কিনা এখন পোলভল্ট খেয়ে বললেন মমতা তাঁকে হাতে-পায়ে ধরে ভোটে দাঁড় করিয়েছিলেন। পুরসভার অ্যাকাউন্টস কমিটির সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ চক্রবর্তী। ইস্তফা দিয়েছেন সুশান্ত ঘোষ। তৃণমূল থেকে মহীরুহ পর্যন্ত অরূপের জার্নি কিন্তু যুবরাজের হাত ধরে। সুশান্তর সঙ্গেও অভিষেকের সখ্যতা কারও অজানা নয়। অভিষেক প্রিয় আর একটা মানুষের ঋজুতা এতদিন দেখেছে বঙ্গ। তিনিও আজ আইপ্যাক নিয়ে তোপ দাগা শুরু করেছেন। দল বাধ্য হয়ে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করেছে।
তাই বলে কি উকিল বাবু এখন দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবারের জন্য রাত্রি নিশীথ লঙ্ঘনের চেষ্টা চালাচ্ছেন? নেপোটিজম এর কাঁথায় আগুন ধরিয়ে নিজের ছেলের প্রচারে ধেই ধেই করে নেচেছেন। এখন সব তারই কেটে গিয়েছে। এ সংসার প্রপঞ্চময়। তারকাটা বাদ্যযন্ত্রের দল বেসুরো হয়েছে। এখন গোটা দল যে যেদিকে পারছে ছুটছে। একে অপরের সাদা জামায় কাদা ছুড়ে নিজেকে আপাত নিশ্চিন্ত করতে চাইছে। মুখ ব্যাজার করে আকাশের দিকে তাকিয়ে আছে বিষন্ন মনে। দূরে হেমন্ত গাইছেন মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছু ডাকে।