দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে বড় রানের ব্যবধানে হারতে হয়েছে ভারতকে। দেশের মাটিতে ৪০৮ রানে হেরেছে টিম ইন্ডিয়া। প্রোটিয়া বাহিনীর কাছে নাস্তানুবাদ ভারত। এবার কি তবে কোহলি, রোহিত এবং অশ্বিনের গুরুত্...
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে বড় রানের ব্যবধানে হারতে হয়েছে ভারতকে। দেশের মাটিতে ৪০৮ রানে হেরেছে টিম ইন্ডিয়া। প্রোটিয়া বাহিনীর কাছে নাস্তানুবাদ ভারত। এবার কি তবে কোহলি, রোহিত এবং অশ্বিনের গুরুত্ব বুঝতে পারছেন গৌতম গম্ভীর? টিম ইন্ডিয়ার হেড কোচের মন্তব্য সেই বিষয়ই ইঙ্গিত করেছে বলেই জানা গিয়েছে। তাঁর কথায়, 'এই হারের দায় সকলের। কারোর একার না। একটা জিনিস মানতেই হবে, যে টেস্ট ক্রিকেটে ধারবাহিকতা দেখতে চাইলে একটি অভিজ্ঞতার প্রয়োজন আছে। নতুনদের আরও সময় দেওয়া দরকার।' পাশাপাশি তাঁর মন্তব্যে একটি জিনিস স্পষ্ট তা হল, 'রোহিত-কোহলি-অশ্বিনদের শূন্যস্থান পূরণ করতে সত্যিই সময় লাগবে।'
সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকার কাছে টেস্টে হারের পর টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর দাবি করেছেন, 'বর্তমানে আমরা একটা পরিবর্তনের মধ্যে যাচ্ছি সেটা আগে বুঝতে হবে। একসঙ্গে এতগুলো অভিজ্ঞ ক্রিকেটারকে হারালে সেই পরিস্থিতি মানিয়ে নেওয়াটা যে কী কঠিন সেটা আমি জানি। নতুনদের সময় দিতে হবে। রাতারাতি যে সবার অভাব পূরণ হবে, এমনটা একদমই নয়।'
পাশাপাশি গম্ভীর আরও বলেছেন, 'যে ট্রানজিশন বা রূপান্তর চলছে সেটাকে সময় দিতেই হবে। নতুনরা এখনও অবধি ১০-১৫ টা টেস্ট খেলছে। খেলতে খেলতে ওদের অভিজ্ঞতা বাড়বে। আরও অনেক কিছু শিখবে। এখন যদি আমরা ভাবি ওয়াশিংটন সুন্দর আদতে অশ্বিনের মত খেলবে, সেটা তো নয়। তাই না। কারণ অশ্বিন ১০০ এরও বেশি টেস্ট খেলেছে। সেই জায়গায় ওয়াশিংটন সুন্দরের সঙ্গে এমন করলে ওই বাচ্চা ছেলেটার উপর অন্যায়-অবিচার করা হবে।'