হোম থেকে পালিয়ে যাওয়া ১০ জন মহিলাকে ফের গ্রেফতার করল মধ্যমগ্রাম থানার পুলিস। ধৃতদের মধ্যে সাতজন বাংলাদেশি এবং তিনজন ভারতীয় নাগরিক বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছে নাবালিকাও। প...
হোম থেকে পালিয়ে যাওয়া ১০ জন মহিলাকে ফের গ্রেফতার করল মধ্যমগ্রাম থানার পুলিস। ধৃতদের মধ্যে সাতজন বাংলাদেশি এবং তিনজন ভারতীয় নাগরিক বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছে নাবালিকাও।
পুলিস জানিয়েছে, গভীর রাতে ওই মহিলারা হোম থেকে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই হোম কর্তৃপক্ষ মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তৎপর হয় পুলিস। ভোরবেলা বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে পালিয়ে যাওয়া ১০ জনকেই উদ্ধার করে পুনরায় গ্রেফতার করা হয়। জেলা পুলিস সুপার প্রিয়ব্রত রায় জানান, হোমের কর্তৃপক্ষের সঙ্গে মহিলাদের বেশ কিছুদিন ধরেই নানা বিষয় নিয়ে মতবিরোধ চলছিল। সেই কারণেই তারা পালানোর সিদ্ধান্ত নিয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
ধৃতদের বুধবার বারাসত আদালতে তোলা হয়। আদালতের নির্দেশ মেনে তাঁদের পুনরায় কোনও হোমে পাঠানো হবে বলে পুলিস সূত্রে খবর। এদিকে স্থানীয় সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, সংশ্লিষ্ট হোমে অবৈধ কার্যকলাপ চলছিল। শাসকদলকে দায়ী করে সিপিআইএম নেতৃত্বের দাবি, এইসব বেসরকারি হোমে বাইরে থেকে মেয়েদের নিয়ে এসে রাখা হত। প্রশাসনের নাকের ডগায় সব চলত। যদিও অবৈধ কার্যকলাপের অভিযোগের সত্যতা মেলেনি। পুলিস জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।