হাতে গুনে আর একমাসও বাকি নেই পুজোর। আগামী মাসে আজকের দিনেই মহাষ্ঠমী। কিন্তু এর মধ্যেই দুশ্চিন্তার পূর্বাভাস দিল উপগ্রহ চিত্র। প্রবল শক্তি নিয়ে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়! একেই লাগাতার বৃষ্টিতে নাজেহাল হয়ে পড়...
হাতে গুনে আর একমাসও বাকি নেই পুজোর। আগামী মাসে আজকের দিনেই মহাষ্ঠমী। কিন্তু এর মধ্যেই দুশ্চিন্তার পূর্বাভাস দিল উপগ্রহ চিত্র। প্রবল শক্তি নিয়ে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়! একেই লাগাতার বৃষ্টিতে নাজেহাল হয়ে পড়েছে রাজ্যবাসী। এর মধ্যেই আবার নতুন দুর্যোগের আশঙ্কা বাড়াচ্ছে চিন্তা। তবে ঘূর্ণিঝড় তৈরির পর তার অভিমুখ কোন দিকে হবে, তা এখনও স্পষ্ট না।
ওই উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যেটি শক্তি বাড়িয়ে শনিবার সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হতে পারে। আর সেটিই ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আমেরিকান মডেল জিএফএস এই সিস্টেম ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে ভারতের মৌসম ভবন নিম্নচাপের আশঙ্কাই করছে। এমতাবস্থায় শেষপর্যন্ত যদি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে সেটির নাম হবে অর্ণব। যার নাম রেখেছে বাংলাদেশ।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসুমি অক্ষরেখা সৌরাষ্ট্রের নিম্নচাপ এলাকা থেকে শুরু হয়েছে। সেটি রাঁচি ও দিঘার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আরও একটি অক্ষরেখা রয়েছে সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত। সেটি উত্তরবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। এর জেরে আপাতত বৃষ্টি রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে।