খোদ পুলিস কর্মীর বাড়িতেই ঢুকল চোর! খোয়া গেল লক্ষাধিক টাকার গয়না ও নগদ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতন থানার উত্তরনারায়নপুর এলাকায়। পাশাপাশি চোরের উপদ্রবে আতঙ্কিত হয়ে পড়েছেন এ...
খোদ পুলিস কর্মীর বাড়িতেই ঢুকল চোর! খোয়া গেল লক্ষাধিক টাকার গয়না ও নগদ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতন থানার উত্তরনারায়নপুর এলাকায়। পাশাপাশি চোরের উপদ্রবে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার অন্যান্য মানুষজনও। অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস।
জানা যাচ্ছে, উত্তরনারায়নপুরের বাসিন্দা অনুরাধা দাসের স্বামী পেশায় পুলিস কর্মী। ভোটের কাজে বাড়ি থেকে বাইরে ছিলেন তিনি। সেই সময় অনুরাধা দেবীও তাঁর সন্তানদের নিয়ে আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। গত ২২ এপ্রিল বাড়িতে তালা ঝুলিয়ে বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু গতকাল, শুক্রবার বাড়ি ফিরে চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁদের। দেখেন বাড়ির মূল গেটের তালা ভাঙা। ঘটনা নজরে আসতেই স্তম্ভিত হয়ে যান তাঁরা।
এরপর বাড়ির ভেতরে তাঁরা ঢুকে দেখেন, আলমারি ভেঙে তছনছ করা হয়েছে। লুঠ করা হয়েছে সোনার অলঙ্কার ও নগদ। পরিবারের দাবি, আলমারি ভেঙে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে তাঁদের। পুলিস কর্মীর স্ত্রী জানান, সাধারণত বাড়িতে এত গয়না রাখা থাকে না। কিন্তু সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠান থাকায় গয়নাগুলি বাড়িতে রাখা ছিল। গতকাল ঘটনার খবর সেখানে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিস। জিজ্ঞাসাবাদ করা হয় পরিবারকে। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে শুরু হয়েছে তদন্ত।