গরিব ও দুস্থ মানুষদের চিকিৎসার অধিকার নিশ্চিত করতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সরকারি জমিতে তৈরি বেসরকারি হাসপাতালগুলিতে এবার থেকে গরিবদের জন্য বাধ্যতামূলকভাবে ১০ শতাংশ বেড সংরক্ষণের কথা...
গরিব ও দুস্থ মানুষদের চিকিৎসার অধিকার নিশ্চিত করতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সরকারি জমিতে তৈরি বেসরকারি হাসপাতালগুলিতে এবার থেকে গরিবদের জন্য বাধ্যতামূলকভাবে ১০ শতাংশ বেড সংরক্ষণের কথা জানালেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, অতীতে ১৫ শতাংশ বেড সংরক্ষণের চুক্তি থাকলেও তা কখনও কার্যকর হয়নি। বিজেপি সরকার সেই ব্যবস্থাকেই বাস্তবায়িত করেছে।
এদিন স্বাস্থ্য দফতর থেকে বেরিয়ে তিনি বলেন, বিগত ১৫ বছরের সরকারে কোনও হাসপাতাল প্রাইভেট করেনি। তার আগে বিধানচন্দ্র রায়ের সময় থেকে জ্যোতি বসুর আমল পর্যন্ত, সরকারি জমিতে যে সমস্ত প্রাইভেট হাসপাতাল হয়েছে। সেইসময় চুক্তি হয়েছিল হাসপাতালের ১৫% বেড গরিবদের জন্য থাকবে। তবে তা কার্যকর হয়নি। আমরা এখন সেটিকে ১০% করতে পেরেছি।
এছাড়াও তিনি ঘোষণা করেন, পশ্চিমবঙ্গে আসছে আদানি গ্রুপ। নিউটাউনে তৈরি হতে চলেছে আদানি গ্রুপের আন্তর্জাতিক মানের হাসপাতাল। এ বিষয়ে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুব তাড়াতাড়ি যে এই কাজ শুরু হতে চলেছে এবার তারই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নিউটাউনে আদানি গ্রুপ আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করছে। হাসপাতালে ২ হাজার বেড থাকবে। তাতে এক হাজার বেড থাকবে গরিবদের জন্য। এক হাজার বেড থাকবে কমার্শিয়াল। কয়েক মাসের মধ্যেই ভূমিপুজো করে কাজ শুরু করে দেওয়া হবে।
বিগত দেড় দশকে রাজ্যে বড় কোনও বিনিয়োগ আসেনি। রাজ্যে বিনিয়োগ আনতে বিজনেস সামিট করা হলেও লাভের লাভ কিছু হয়নি। শুধুই পকেট ভরেছে তৃণমূল নেতৃত্বের। সেই বিজনেস সামিটের আড়ালেও চলেছে বিপুল পরিমাণে দুর্নীতি। তবে বিনিয়োগের হাল ফেরাতে শুরু থেকেই তৎপর বিজেপি সরকার। ক্ষমতায় আসার দেড় মাসের মধ্যেই রাজ্যে আসতে চলেছে বিপুল পরিমাণের বিনিয়োগ। আদানি গ্রুপের আন্তর্জাতিক মানের হাসপাতাল যেন তারই শুরু। নিউটাউনের এই মেগা হাসপাতালটি তৈরি হলে রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে যাবে এবং বিপুল কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলেই আশা বিশেষজ্ঞ মহলের।