শেষ হচ্ছে না তালিকা। ফের তোলাবাজি ও ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের আরেক প্রাক্তন বিধায়ক সনৎ দে। জানা যাচ্ছে, শুক্রবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে হানা দেয় পুলিস।...
শেষ হচ্ছে না তালিকা। ফের তোলাবাজি ও ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের আরেক প্রাক্তন বিধায়ক সনৎ দে। জানা যাচ্ছে, শুক্রবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে হানা দেয় পুলিস। সেখান থেকেই পাকড়াও করা হয়েছে তাঁকে। আজ, শনিবার বারাকপুর আদালতে তোলা হবে সনৎ দে-কে।
২০২৪ সালে বিধানসভা উপনির্বাচনে নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন সনৎ। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় একাধিক দুর্নীতির অভিযোগ ছিল। একাধিক এলাকায় জমি দখলের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। এখানেই শেষ না, ২০২১ সালের বিধানসভার নির্বাচন পরবর্তী সময়ে ভোট পরবর্তী হিংসাতেও নাম জড়িয়েছিল তাঁর। এরপর রাজ্যে পালাবদল হতেই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়।
এর আগে গত জুন মাসে একবার ডিম-থেরাপির শিকার হয়েছিলেন প্রাক্তন বিধায়ক। তাঁকে লক্ষ্য করে চোর চোর স্লোগান তুলেছিলেন স্থানীয় বিক্ষুব্ধ মানুষ। ক্ষোভের বহিঃপ্রকাশের পর আরও নানা অভিযোগ উঠতে থাকে তাঁর বিরুদ্ধে। ওই অভিযোগের সূত্র ধরে তদন্তে নেমে পুলিস। শেষমেশ গতকাল দত্তপুকুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এবং আজ আদালতে তোলা হবে বলে খবর সূত্রের। প্রাক্তন তৃণমূল বিধায়কের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। তাঁর বক্তব্য, 'ওকে কোমরে দড়ি বেঁধে ঘোরালে হবে না। তার চেয়ে কড়া শাস্তি দিতে হবে।'