বিঘার পর বিঘা নদীর পাড় কেটে চুরি হচ্ছে বালি। ফুলহার নদীতে নির্বিচারে চলছে বালি চুরি। রাতের অন্ধকারে চুরি করা হচ্ছে বালি। অভিযোগ এই চুরির মূল কাণ্ডারী তৃণমূলের মালদা জেলার রতুয়ার বিধায়ক সমর...
বিঘার পর বিঘা নদীর পাড় কেটে চুরি হচ্ছে বালি। ফুলহার নদীতে নির্বিচারে চলছে বালি চুরি। রাতের অন্ধকারে চুরি করা হচ্ছে বালি। অভিযোগ এই চুরির মূল কাণ্ডারী তৃণমূলের মালদা জেলার রতুয়ার বিধায়ক সমর মুখার্জী। শুধু তাই নয় এই নদীর বালি চুরির সঙ্গে নাম জড়িয়েছে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির ছেলে তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধক্ষ্য রিয়াজুল করিম বক্সির। যা ঘিরে তোলপাড় জেলার রাজনীতি। যদিও বিধায়ক সমর মুখার্জী এটি বিজেপির অপ্রচার বলে বিষয়টি উড়িয়ে দিয়েছেন।
মালদার রতুয়া ১ নং ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের শিবপুর ঘাটে চলছে বালি পাচার। বিগত দুই তিন দিন ধরে স্থানীয়রা বেশ কয়েকটি বালিভর্তি গাড়ি আটকও করেছে। নদীর ধারে বালি,মাটি কেটে পাচারের অভিযোগ তুলে বিজেপি পরিচালিত কাহালা গ্রাম পঞ্চায়েত প্রধান বিডিও ও জেলা শাসককে লিখিত অভিযোগ করেছেন। যদিও মাটি কাটার অনুমতি রয়েছে বলে দাবি বিধায়ক সমর মুখার্জীর। কিন্তু এইভাবে মাটি কাটলে বন্যার সময়ে সমস্ত কিছু তলিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা শেখ জাহাঙ্গীরের অভিযোগ,'ভোটের টাকা জোগাড় করার জন্য তৃণমূল নেতারা এই ধরনের দুর্নীতিমূলক কাজ করছেন। রাতের অন্ধকারে তৃণমূল বিধায়কের মদতে জেসিবি দিয়ে মাটি কেটে ভিন রাজ্যে পাচার চলছে। আমরা চাই দ্রুত এই মাটি পাচার বন্ধ হোক।'
স্থানীয় বাসিন্দা লাল মোহম্মদের অভিযোগ,'নিজেদের লাভে বিধায়ক সহ তৃণমূল নেতারা মাটি পাচার করতে সাহায্য করছেন। নদী তীরবর্তী এলাকার মাটি এইভাবে পাচার হলে নদী ভাঙনে আমরা সবাই তলিয়ে যাব।'
রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জীর দাবি সবই বিজেপির অপ্রচার। তিনিও নদীর মাটি,বালি কাটার বিরুদ্ধে। তাঁর দাবি সরকারি রাজস্ব দিয়ে এই নদীর বালি,মাটি কাটা হচ্ছে।
বিধানসভা নির্বাচনের আগে নদীর বালি চুরি অভিযোগে রতুয়ার বিধায়ক সহ তৃণমূলের জেলা সভাপতির ছেলের নাম জড়িয়ে ভোট ময়দানে প্রচারে নেমেছে বিজেপি। যা নিয়ে সরগরম মালদার রতুয়ার রাজনৈতিক মহল।