চলন্ত অটোয় মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা। অভিযোগ, একাধিকবার যুবককে সাবধান করা হলেও কথা কানে তোলেনি সে। পরে অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করলে তাকে আটক করেন স্থানীয় ব্যক্তিরা। মঙ্গলবার রাতে ঘটনাকে কেন্দ্র...
চলন্ত অটোয় মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা। অভিযোগ, একাধিকবার যুবককে সাবধান করা হলেও কথা কানে তোলেনি সে। পরে অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করলে তাকে আটক করেন স্থানীয় ব্যক্তিরা। মঙ্গলবার রাতে ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়ায় দমদম ক্যান্টনমেন্ট এলাকায়। গ্রেফতার করা হয় যুবককে।
জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে দমদম ক্যান্টনমেন্ট থেকে অটোয় উঠছিলেন ওই মহিলা। সেই সময় ওই অটোতেই বসে ছিলেন যুবক। অভিযোগ, অটোয় ওঠার পর থেকেই মহিলার সঙ্গে অভব্য আচরণ করছিলেন অভিযুক্ত। পরে বেশ কয়েকবার তাকে সাবধান করার চেষ্টাও করেন মহিলা। কিন্তু তাতেও কাজ হয়নি। এরপরেও ওই যুবক একই কাজ করলে মহিলা চিৎকার শুরু করেন। সঙ্গে সঙ্গে অটোচালক একটি জনবহুল এলাকা দেখে অটো থামায়। এরপরেও পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। যদিও তাতে লাভ হয়নি। দ্রুত তাকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা।
পরবর্তীতে দমদম থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে হাজির হয় পুলিস। গ্রেফতার করা হয় যুবককে। এরপর থানায় গিয়ে ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা। পুলিস সূত্রে খবর অভিযুক্ত যুবকের বাড়ি বিরাটি এলাকায়। এর আগে ওই অটোতেই আরেক মহিলার সঙ্গে শ্লীলতাহানির চেষ্টাও করেছিল সে। যদিও গোটা ঘটনা ঘটার আগেই অটো থেকে নেমে যান তিনি। এমতাবস্থায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিস। পাশাপাশি অভিযুক্তের উপযুক্ত শাস্তি হোক বলে দাবি তুলেছেন অভিযোগকারী মহিলাও।