বিগত কয়েকদিন ধরেই মন খারাপ আকাশের। বিকেল হলেই শুরু হচ্ছে তুমুল ঝড়-বৃষ্টি। গত দু'দিন সকালের দিকে রোদের দেখা মিললেও বুধবার তা একেবারে উধাও। মেঘলা আকাশে ঢেকে রয়েছে সর্বত্র। হাওয়া অফিস সূত্রে খবর, আজও বৃষ...
বিগত কয়েকদিন ধরেই মন খারাপ আকাশের। বিকেল হলেই শুরু হচ্ছে তুমুল ঝড়-বৃষ্টি। গত দু'দিন সকালের দিকে রোদের দেখা মিললেও বুধবার তা একেবারে উধাও। মেঘলা আকাশে ঢেকে রয়েছে সর্বত্র। হাওয়া অফিস সূত্রে খবর, আজও বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সঙ্গে ৬০-৭০ কিমি বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা। দক্ষিণের জেলাগুলোর পাশাপাশি উত্তরের কিছু জেলাতেও বৃষ্টিপাতের সম্ভবনা।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যা উত্তরবঙ্গ, অসম ও বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আর এই সমস্ত কিছুর প্রভাবেই রাজ্যে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। গতকালের মত আজও বৃষ্টিতে ভাসতে পারে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও উত্তর ২৪ পরগনা। পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা সঙ্গে চলবে ঝোড়ো হওয়ার দাপট।
অন্যদিকে উত্তরের জেলাগুলোতেও চলবে ঝড়বৃষ্টি। বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টির পরিমাণ বাড়বে মালদহ, উত্তর-দক্ষিণ দিনাজপুর, দার্জিলিংয়ে। আজকের পাশাপাশি আগামীকাল, বৃহস্পতিবারও রাজ্য জুড়ে চলবে দুর্যোগ। তবে শুক্রবার থেকে এই ছবি কিছুটা বদলাবে। ধীরে ধীরে স্বাভাবিক হবে পরিস্থিতি। লাগাতার ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা নিচের দিকেই থাকবে।