সিতাইয়ের শিলদুয়ার থেকে বিজেপি নেতা নিখোঁজ! পুলিসের বিরুদ্ধে, তুলে নিয়ে যাওয়ার অভিযোগ স্ত্রীর। যদিও পুলিস সূত্রে জানা গিয়েছে, কাফ সিরাপ সহ ওই বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিস। সিতাই ব্লকের আদাবা...
সিতাইয়ের শিলদুয়ার থেকে বিজেপি নেতা নিখোঁজ! পুলিসের বিরুদ্ধে, তুলে নিয়ে যাওয়ার অভিযোগ স্ত্রীর। যদিও পুলিস সূত্রে জানা গিয়েছে, কাফ সিরাপ সহ ওই বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিস। সিতাই ব্লকের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের শিলদুয়ার গ্রামের বাসিন্দা ওই বিজেপি নেতা। সুকুমার বর্মন বৃহস্পতিবার দুপুরে থেকে নিখোঁজ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিজেপি দলের সঙ্গে যুক্ত এবং সিতাই বিধানসভা ১নং মণ্ডল সভাপতির দায়িত্বে রয়েছেন বলে জানা গিয়েছে।
পরবর্তীতে জানা যায় সাহেবগঞ্জ থানার পুলিস সুকুমার বর্মনকে কাফ সিরাপ সহ গ্রেফতার করেছে। যদিও বিজেপির পক্ষ থেকে এর পেছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এদিন কোচবিহার আদালতে সুকুমার বর্মনকে তোলা হয় সেখানেও তিনি চক্রান্তের অভিযোগ তোলেন।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ সুকুমার বর্মন নিজের বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বের হলে তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়না। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনও সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সন্ধ্যায় সিতাই থানায় একটি মিসিং ডায়েরি করেন তাঁর স্ত্রী শিবানী বর্মন। থানায় জমা দেওয়া ডায়েরিতে তিনি অভিযোগ করেন, শিলদুয়ার জুনিয়র হাইস্কুল সংলগ্ন এলাকায় যাওয়ার সময় আচমকা একটি পুলিসের গাড়ি তাঁর স্বামীর সামনে দাঁড়ায় এবং পুলিস তাঁর স্বামীকে মোটর সাইকেলসহ তুলে নিয়ে যায়।
এরপর থেকেই তাঁর স্বামীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে ডায়েরিতে উল্লেখ করা হয়েছে! স্বামীকে খুঁজে বের করে দেওয়ার জন্য পুলিসের কাছে আবেদন জানিয়েছেন শিবানী বর্মন। যদিও পুলিস সূত্রে জানা গিয়েছে সাহেবগঞ্জ থানার পুলিস তাকে কাফ সিরাপ সহ গ্রেফতার করেছে। আজ, শুক্রবার তাকে আদালতে তোলা হয়।