দরজায় কড়া নাড়ছে বাংলা বিধানসভা নির্বাচন। এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। তার আগে রায়গঞ্জ ব্লকের বাহিন অঞ্চলে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল। বিজেপির পঞ্চায়েত সদস্যর বাড়িতে ঢুকে মারধ...
দরজায় কড়া নাড়ছে বাংলা বিধানসভা নির্বাচন। এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। তার আগে রায়গঞ্জ ব্লকের বাহিন অঞ্চলে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল। বিজেপির পঞ্চায়েত সদস্যর বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের নারায়নপুর এলাকায়।
জানা গিয়েছে, আক্রান্ত পঞ্চায়েত সদস্যর নাম শিবানী বর্মন দাস। তাঁকে এবং তাঁর স্বামী রিপন দাসকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। শিবানী দেবী জানান, অভিযুক্তরা সকলেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। আচমকাই তাঁরা বাড়িতে ঢুকে তাঁকে এবং তাঁর স্বামীকে বেধড়ক মারতে শুরু করে। এই ঘটনার জেরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিবানী দেবীর শ্বশুর সুনীল দাস।
এই ঘটনার পর আহত দম্পতিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রিপন দাসের অবস্থা অত্যন্ত গুরুতর। পুলিসে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানা গিয়েছে।
এই বিষয়ে রায়গঞ্জ এক নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি স্বরূপ সরকার বলেন, তৃণমূল কংগ্রেসের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। মানুষ তৃণমূলের সঙ্গে নেই তাই এই ধরণের ঘটনা ঘটিয়েছে তারা। এ বিষয়ে বাহিন গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিসুল আলীর বক্তব্য, রাস্তা নিয়ে ঝামেলা হয়েছিল। এই ঘটনায় রাজনীতির কোন বিষয় নেই।