নভেম্বরের ১ তারিখ থেকেই রাজ্য জুড়ে এনুমেরেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন বিএলওরা। আর এই এনুমেরেশন ফর্ম বিলি প্রক্রিয়ার মধ্যেই রাজ্যের একাধিক জায়গায় ঘটেছে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা। তেমনই আজ বৃহস্পতিবার ক...
নভেম্বরের ১ তারিখ থেকেই রাজ্য জুড়ে এনুমেরেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন বিএলওরা। আর এই এনুমেরেশন ফর্ম বিলি প্রক্রিয়ার মধ্যেই রাজ্যের একাধিক জায়গায় ঘটেছে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা। তেমনই আজ বৃহস্পতিবার কোচবিহারের একটি ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যাচ্ছে আজ, কোচবিহার জেলার মাথাভাঙা ১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ২৩৯ নম্বর বুথে ছাটখাটেরবাড়ি এলাকায় এক বিজেপি বুথ লেভেল এজেন্টকে চরম হেনস্থা করা হয়। অভিযোগ, তাঁর গলায় জুতোর মালা পরিয়ে তাঁকে গোটা এলাকায় ঘোরান হয়। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে শাসক দলের উপর।
জানা যাচ্ছে, নিগৃহীত ওই বিজেপি বিএলএ-এর নাম নিভাস দাস। বিএলও নিশীথ রায় এবং তৃণমূলের কয়েকজন স্থানীয় কর্মীরা মিলে তাঁর বিরুদ্ধে এই চক্রান্ত করেছে বলে অভিযোগ। এদিন ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙা থানার পুলিস। উত্তপ্ত পরিস্তিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা।
ঘটনায় আক্রান্ত নিভাস দাস জানান, 'আমি ফোন করায় আমাকে বিএলও বললেন, আমরা ধর্ম চক্রবর্তীর বাড়িতে এসেছি। আপনি সেখানে আসুন। আমি সেখানে পৌঁছে দেখি তাঁরা ওখানে নেই। আমি তাঁদের বাড়ির সদস্যদের জিজ্ঞাসা করি তাঁরা কোথায়। উত্তর পাই, তাঁরা বাইক নিয়ে অন্যদিকে গিয়েছেন। আমি তাঁদের আবার ফোন করি। আমাকে রসিক দাসের বাড়িতে ডাকা হয়। সেখানে গিয়ে কাজ শুরু করি। কিন্তু আচমকা আমার উপর তাঁরা চড়াও হয়। আমাকে থাপ্পড় মারা হয়। আমাকে জুতোর মালা পরিয়ে দেওয়া হয়।' ঘটনার নেপথ্যে তৃণমূলের অজিত দাসের নেতৃত্ব রয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।
এই ঘটনা প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন জানিয়েছেন, 'এই ঘটনা সম্পর্কে আমার কোন তথ্য জানা নেই। বিএলও-রা কাজ করছেন কমিশনের হয়ে। এর সঙ্গে দলের সম্পর্ক নেই।' অন্যদিকে মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন বলেছেন, তৃণমূল বিজেপিকে ভয় পাচ্ছে বলেই অযথা চারিদিকে আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছে।