দিনে দুপুরে বিনা অনুমতিতে হাসপাতাল থেকে উধাও মৃতদেহ। অভিযোগ, ডেড সার্টিফিকেট ছাড়াই মৃতদেহ নিয়ে পালিয়ে যাচ্ছে রোগীর আত্মীয়রা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বীরভূমের সিউড়ি সুপার সুপার স্পেশালিটি হাসপাতালে। ...
দিনে দুপুরে বিনা অনুমতিতে হাসপাতাল থেকে উধাও মৃতদেহ। অভিযোগ, ডেড সার্টিফিকেট ছাড়াই মৃতদেহ নিয়ে পালিয়ে যাচ্ছে রোগীর আত্মীয়রা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বীরভূমের সিউড়ি সুপার সুপার স্পেশালিটি হাসপাতালে। এইভাবে মৃতদেহ বিনা বাঁধায় কাঁধে করে নিয়ে যাওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
যদিও এই বিষয় নিয়ে সিউড়ি থানায় অভিযোগ জানানোর পাশাপাশি ঘটনার তদন্ত করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ, শনিবার সকাল ১১টা নাগাদ পাণ্ডবেশ্বর এলাকা থেকে অজয় সিং নামে এক যুবককে হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি করে তাঁর পরিবার। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুর খবর শোনার পর পরিবারের লোক ডেট সার্টিফিকেট ছাড়াই মৃতদেহ কাঁধে করে হাসপাতাল থেকে বেরিয়ে এসে গাড়িতে চাপিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
কিন্তু কারা দেহ নিয়ে গেলেন, তাঁরা আদৌ মৃতের আত্মীয় কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টা জানতে পেরে সিউরি থানায় অভিযোগ দায়ের করে। পাশাপাশি হাসপাতালে নিরাপত্তারক্ষীদের সামনে থেকে কীভাবে মৃতদেহ নিয়ে গেল, সেই বিষয়ে তদন্ত করে দেখার কথা জানান হাসপাতাল সুপার।