SIR প্রক্রিয়াকে হাতিয়ার করে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল খোদ BLO-র বিরুদ্ধে। খাল থেকে উদ্ধার যুবকের প্যাকেট বন্দী টুকরো টুকরো দেহ। ঘটনার তদন্তে নেমে এক বিএলও-সহ দু’জনকে গ্রেফতার করল পুলিস। হাড়হিম ঘটনাট...
SIR প্রক্রিয়াকে হাতিয়ার করে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল খোদ BLO-র বিরুদ্ধে। খাল থেকে উদ্ধার যুবকের প্যাকেট বন্দী টুকরো টুকরো দেহ। ঘটনার তদন্তে নেমে এক বিএলও-সহ দু’জনকে গ্রেফতার করল পুলিস। হাড়হিম ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়।
পুলিস ও সূত্রে জানা গিয়েছে, গত ৯ তারিখ সন্ধ্যায় নাসির আলীর ফোনে একটি কল আসে। ফোনের ওপার থেকে নিজেকে ‘AERO’ পরিচয় দিয়ে জানানো হয়, তাঁর মায়ের ভোটার কার্ডে SIR সংক্রান্ত ত্রুটি রয়েছে। সেই সংশোধনের জন্য জরুরি ভিত্তিতে নথিপত্র নিয়ে একটি নির্দিষ্ট ঠিকানায় আসতে বলা হয় নাসিরকে। মায়ের আধার ও ভোটার কার্ডের জেরক্স নিয়ে বাড়ি থেকে বেরোনোর ১৫ মিনিটের মধ্যেই নাসিরের ফোন বন্ধ হয়ে যায়।
এরপর তদন্তে নেমে বাদুড়িয়া থানার পুলিস প্রথমে খালের ধার থেকে নাসিরের জুতো এবং খালের ভিতর থেকে তাঁর বাইকটি উদ্ধার করে। নিখোঁজ নাসিরের সন্ধানে তেঁতুলিয়া মসলন্দপুর এলাকায় টায়ার জ্বালিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখান গ্রামবাসী ও প্রতিবেশীরা। তদন্তে নেমে পুলিস বিএলও রিজওয়ান হাসান মণ্ডল ও তার বন্ধু সাগর গাইনকে পাকড়াও করে। বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় ১০ দিনের নিজেদের হেফাজত নিয়ে।
ধৃতদের ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর জানা যায়, খুনের পর দেহ টুকরো টুকরো করে একাধিক প্যাকেটে ভরে বিভিন্ন ব্রিজের তলা থেকে খালে ফেলে দেওয়া হয়েছে। আজ, শনিবার সকাল থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে। সরকারি কাজের অজুহাতে ডেকে নিয়ে কেন এই নৃশংস হত্যা, তার নেপথ্যে অন্য কোনো পুরনো শত্রুতা বা গভীর ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিস।