এবার স্কুলের মিড ডে মিলের টাকা আত্মসাৎ-এর অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। যা নিয়ে সরব হন এলাকাবাসী ও অভিভাবকরা। চাপে পড়ে দোষ স্বীকার করে টাকা ফেরতের প্রতিশ্রুতি দেন অভিযুক্ত শিক্ষক। জানা গি...
এবার স্কুলের মিড ডে মিলের টাকা আত্মসাৎ-এর অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। যা নিয়ে সরব হন এলাকাবাসী ও অভিভাবকরা। চাপে পড়ে দোষ স্বীকার করে টাকা ফেরতের প্রতিশ্রুতি দেন অভিযুক্ত শিক্ষক।
জানা গিয়েছে, নদিয়ার তেহট্টের হরিপুর পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন কৃষ্ণ মজুমদার। অভিভাবক ও একাংশের শিক্ষকদের দাবি, স্কুলের এক সহকারী শিক্ষকের সই নকল করে চেকের মাধ্যমে মিড ডে মিলের টাকা তুলে নেন ওই প্রধান শিক্ষক। শুধু তাই নয়, এর আগেও ২০২৪ সালেও একইভাবে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই সময় বিষয়টি ধরা পড়লে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে লিখিত মুচলেকা দেন বলে দাবি অভিযোগকারীদের। অভিযোগ, সেই টাকা আর ফেরত দেননি।
এবারও একইভাবে সহকারী শিক্ষকের সই জাল করে টাকা তোলার অভিযোগ সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। চাপে পড়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।