রানিগঞ্জে সোনার দোকানে ডাকাতি ও গুলিকাণ্ডে গ্রেফতার আরও এক। ধৃতের নাম নগেন্দ্র যাদব। বিহারের ছাপড়া জেলার বাসিন্দা নগেন্দ্র। অভিযুক্তকে তার মাসির বাড়ি মুবারকপুর থেকে গ্রেফতার করেছে পুলিস বলে জানা গিয়েছ...
রানিগঞ্জে সোনার দোকানে ডাকাতি ও গুলিকাণ্ডে গ্রেফতার আরও এক। ধৃতের নাম নগেন্দ্র যাদব। বিহারের ছাপড়া জেলার বাসিন্দা নগেন্দ্র। অভিযুক্তকে তার মাসির বাড়ি মুবারকপুর থেকে গ্রেফতার করেছে পুলিস বলে জানা গিয়েছে। রানিগঞ্জ থানা, বল্লভপুর ফাঁড়ি ও আসানসোল দুর্গাপুর পুলিসের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে সোমবার আসানসোল আদালতে পেশ করা হয়। ১৪ দিনের পুলিস হেফাজতে নেওয়ার আবেদন করা হবে বলে খবর।
এই ঘটনায় এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করল পুলিস। এর আগে বাংলা-ঝাড়খন্ড পুলিসের যৌথ উদ্যোগে প্রথম গ্রেফতার হয় সুরজ কুমার সিং। তাকে জেরা করে গ্রেফতার করা হয় সোনু সিং, যে ঘটনার দিন পুলিসের গুলিতে আহত হয়েছিল। এরপর গত শনিবার গ্রেফতার হয় পশ্চিম বর্ধমান জেলার দক্ষিণ খণ্ডের বাসিন্দা শশী কান্ত মালি। সূত্রের খবর, শশী অপরাধীদের ঘর ভাড়া দিতে সাহায্য করেছিল। এরপর রবিবার গ্রেফতার করা হয় নগেন্দ্র যাদবকে। যদিও ওই গ্যাং-এ সাতজন ছিল। বাকি অপরাধীদের খোঁজে আসানসোল দুর্গাপুর পুলিস। ঘটনার ৯ দিনের মাথায় গ্রেফতার ৪। এখন দেখার নগেন্দ্র যাদবের থেকে কী তথ্য পায় পুলিস।
উল্লেখ্য, ডাকাতির ঘটনার ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে এই নগেন্দ্রকেই কালো জামা, কালো প্যান্ট, এবং মাথায় হেলমেট পরে দেখা গিয়েছিল। তার হাতেই ছিল ৭.৬৫ এমএম পিস্তল। একটি মোটর বাইকে যে চারজন চেপে পালিয়েছিল তার মধ্যে ছিল এই নগেন্দ্র।