কয়লা পাচারকাণ্ডে বড় পদক্ষেপ ইডির। পাচারকাণ্ডের মাস্টারমাইন্ড অনুপ মাজি ওরফে লালা ঘনিষ্ট শ্যাম গ্রুপ-এর ১৫১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। মূলত অবৈধ চালান যা লালা প্যাড নামে কুখ্যাত তার মাধ্...
কয়লা পাচারকাণ্ডে বড় পদক্ষেপ ইডির। পাচারকাণ্ডের মাস্টারমাইন্ড অনুপ মাজি ওরফে লালা ঘনিষ্ট শ্যাম গ্রুপ-এর ১৫১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। মূলত অবৈধ চালান যা লালা প্যাড নামে কুখ্যাত তার মাধ্যমে চলত কোটি কোটি টাকার হেরা ফেরি। সঞ্জয় ও ব্রিজভূষণ আগরওয়াল-এর শ্যাম গ্রুপের মাধ্যমে চলত বেআইনি লেনদেন।
উল্লেখ্য, সম্প্রতি কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেল গ্রেফতার হন। চলতি মাসের ২ তারিখে ইডির আধিকারিকরা ভিনেশ চান্ডেলের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিলেন। এরপর তাঁকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
পশ্চিমবঙ্গে কয়লা পাচার মামলার তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই চালাচ্ছে। এবার সেই কয়লা পাচার মামলাতেই ভিনেশের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ ছিল। প্রসঙ্গত, ইডি আধিকারিকরা জানিয়েছেন, অর্থ পাচার প্রতিরোধ আইনে চান্ডেলকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে রাখা হয়েছে।
রাজ্যে বিধানসভা ভোটের ঠিক আগে তৃণমূলের সহযোগী সংস্থা আইপ্যাক কর্তা ভিনেশের গ্রেফতারি নিয়ে সোমবার রাতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘এটি গণতন্ত্র নয়—ভীতিপ্রদর্শন।’’