টিউশন থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাকের চাকায় পিষে মৃত্যু হল চতুর্থ শ্রেণীর এক কিশোরের। শনিবার সকালে ঘটনাকে কেন্দ্র তুমুল উত্তেজনা ছড়ায় নাদনঘাট থানার অন্তর্গত ভাতশালা এলাকায়। পরে ঘটনাস...
টিউশন থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাকের চাকায় পিষে মৃত্যু হল চতুর্থ শ্রেণীর এক কিশোরের। শনিবার সকালে ঘটনাকে কেন্দ্র তুমুল উত্তেজনা ছড়ায় নাদনঘাট থানার অন্তর্গত ভাতশালা এলাকায়। পরে ঘটনাস্থলে পুলিস ও কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যাচ্ছে, মৃত কিশোরের নাম রিজু ভৌমিক। ভাতশালা এলাকাতেই বাড়ি তাঁর। আজ সকাল আনুমানিক ৯টা নাগাদ টিউশন থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় আরও বেশ কয়েকজন বন্ধু ছিল তার সঙ্গে। প্রত্যেকেই সাইকেলে ছিল। কিন্তু আচমকাই একটি বেপরোয়া গতির ট্রাক রিজুকে পিছন থেকে ধাক্কা মারে বলে অভিযোগ। গাড়ির ধাক্কায় ছিটকে যায় কিশোর। কিন্তু তারপরেও ট্রাক্টর থামায় না ঘাতক চালক।
স্থানীয়দের অভিযোগ, কিশোর মাটিতে পড়ে গেলে তার উপর দিয়েই ট্রাক্টর নিয়ে এগিয়ে যায় অভিযুক্ত চালক। ঘটনায় গুরুতর চোট লাগে রিজুর মাথার। পরে অবস্থা বেগতিক বুঝে চালক পালানোর চেষ্টা করলে তাকেও ধরে ফেলেন স্থানীয়রা। এর মধ্যে কিশোরকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে জানায় চিকিৎসকেরা। এরপরেই ধীরে ধীরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। আটক চালকের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে শুরু হয় দফায় দফায় বিক্ষোভ। এক সময় ঘটনাস্থলে পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি আটক চালককেও নিয়ে যায় তারা।