বৈশাখের তীব্র দাবদাহে নাজেহাল বঙ্গ জীবন। পশ্চিমের একাধিক জেলায় বেলা বাড়তেই বইছে গরম বাতাস। এই অবস্থায় হাঁসফাঁস গরম থেকে শীঘ্রই স্বস্তি মিলবে বলে জানাল হাওয়া অফিস। মাঝারি থেকে ভারী বৃষ্টি-সহ কালবৈশাখীর...
বৈশাখের তীব্র দাবদাহে নাজেহাল বঙ্গ জীবন। পশ্চিমের একাধিক জেলায় বেলা বাড়তেই বইছে গরম বাতাস। এই অবস্থায় হাঁসফাঁস গরম থেকে শীঘ্রই স্বস্তি মিলবে বলে জানাল হাওয়া অফিস। মাঝারি থেকে ভারী বৃষ্টি-সহ কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়। আগামীকাল অর্থাৎ রোববার থেকেই বৃষ্টি শুরু হতে পারে সর্বত্র। সঙ্গে ঝড়-বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।
হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত, যা বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। সমুদ্রতল থেকে এর উচ্চতা ০.৯ কিলোমিটার। এ ছাড়া, উত্তরপ্রদেশ এবং তার আশপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে আবার ঢুকতে শুরু করেছে। তাতে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই শনিবার পর্যন্ত গরমের তেজ থাকলেও রবিবার বদলাবে আবহাওয়া।
জানা যাচ্ছে, আজ উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি পূর্বাভাস রয়েছে। তবে রবিবার থেকে বাড়বে বৃষ্টি। কলকাতাতেও হবে স্বস্তির বর্ষণ। হাওয়া অফিসের খবর অনুযায়ী, আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় কালবৈশাখীর পূর্বাভাস জারি করা হয়েছে। যার জেরে তাপমাত্রাও কিছুটা কমবে।
অন্যদিকে উত্তরবঙ্গেও চলবে ঝড়-বৃষ্টির দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে আগামী শনিবার পর্যন্ত।