বকরি ইদের ছুটিতে কাটছাঁট। দু'দিনের পরিবর্তে একদিন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এর আগে তৃণমূল সরকারের আমলে বকরি ইদের জন্য দু'দিন ছুটি বরাদ্দ থাকত। কিন্তু নতুন সরকার সেই বিজ্ঞপ্তিতে কিছুটা পরিবর্তন এনে দ...
বকরি ইদের ছুটিতে কাটছাঁট। দু'দিনের পরিবর্তে একদিন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এর আগে তৃণমূল সরকারের আমলে বকরি ইদের জন্য দু'দিন ছুটি বরাদ্দ থাকত। কিন্তু নতুন সরকার সেই বিজ্ঞপ্তিতে কিছুটা পরিবর্তন এনে দু'দিনের বদলে একদিন ছুটির ঘোষণা করেছে।
এর আগে বকরি ইদ উপলক্ষে ২৬ ও ২৭ মে রাজ্যে সরকারি ছুটি ঘোষণা হয়েছিল। কিন্তু শনিবার সেই নির্দেশ বাতিল করেছে নতুন সরকার। নয়া বিজ্ঞপ্তি জারি করা বলা হয়েছে, ওই দু'দিন বকরি ইদের ছুটি নয়, সমস্ত সরকারি দপ্তরে কাজ হবে। তার বদলে ২৮ মে বকরি ইদের ছুটি ঘোষণা করা হয়েছে। এই বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র।
রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকেই একাধিক বিষয়ে কড়া বার্তা দিয়েছে। তার মধ্যে অন্যতম কর্মসংস্কৃতি ফিরিয়ে আনা। এবার থেকে কোনওরকম ফাঁকিবাজি বরদাস্ত করবে না সরকার। সেইমতো সরকারি দফতরে কর্মীদের হাজিরার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ১০ টা ১৫-র মধ্যে অফিসে ঢুকতে হবে কর্মীদের, বিকেল ৫টা ১৫-এর আগে অফিস থেকে বেরিয়ে যাওয়া চলবে না। অর্থাৎ ঘড়ি ধরে ৭ ঘণ্টা কাজ করতেই হবে। এমতাবস্থায় বকরি ইদের ছুটি কমিয়ে কাজকেই প্রাধান্য দেওয়ার বার্তা দিচ্ছে বর্তমান সরকার। পাশাপাশি আসন্ন দুর্গাপুজোর দীর্ঘ ছুটিতেও কাটছাঁট হতে পারে কিনা, তা নিয়েও কর্মী মহলে শুরু হয়েছে জল্পনা।