উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝে মর্মান্তিক ঘটনা মেমারিতে। পরীক্ষার মাঝে পড়াশোনা করে মোবাইলে আসক্ত হওয়ায় মায়ের বকাবকিতে অভিমানে আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। মৃত ছাত্রীর নাম রুকসোনা খাতুন , বয়...
উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝে মর্মান্তিক ঘটনা মেমারিতে। পরীক্ষার মাঝে পড়াশোনা করে মোবাইলে আসক্ত হওয়ায় মায়ের বকাবকিতে অভিমানে আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। মৃত ছাত্রীর নাম রুকসোনা খাতুন , বয়স ১৯ বছর। তার বাড়ি মেমারি থানার তাতারপুর এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে নিজের ঘরে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান পরিবারের লোকজন।তড়িঘড়ি উদ্ধার করে তাকে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিস। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
মৃতার দাদা মইরুদ্দিন মণ্ডল জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনেও স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছিল রুকসোনা। তবে বাড়ি ফেরার পর পড়াশোনার বদলে মোবাইল নিয়ে ঘাঁটাঘাটি করছিল। বিষয়টি নজরে আসায় মা রুকসোনাকে পড়াশোনায় মন দেওয়ার জন্য বকাবকি করে। এরপর থেকেই সে কিছুটা মনমরা হয়ে পড়ে, এরপর শনিবার সকালে ঘরে গিয়ে পরিবারের সদস্যরা তাঁর কোনও সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। রুকসোনার আকস্মিক মৃত্যুতে পরিবারে ও স্থানীয় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।