ভাঙড়ের মাঝেরহাট থেকে প্রায় ৭৯টি বোমা উদ্ধারে চাঞ্চল্য এলাকায়। এবার এই বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। ভোট আবহে কোনও ষড়যন্তের পরিকল্পনা ছিল বলেই মনে করছে কেন্দ্...
ভাঙড়ের মাঝেরহাট থেকে প্রায় ৭৯টি বোমা উদ্ধারে চাঞ্চল্য এলাকায়। এবার এই বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। ভোট আবহে কোনও ষড়যন্তের পরিকল্পনা ছিল বলেই মনে করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা। সেই কারণেই তড়িঘড়ি এই নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থার তরফে।
জানা যাচ্ছে, গত শনিবার গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কাশিপুর থানা এলাকায় তদন্ত শুরু করে কলকাতা পুলিসের একটি দল। এরপর মাঝেরহাট এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৭৯টি তাজা বোমা উদ্ধার করেন তারা। সঙ্গে উদ্ধার হয় বোমা তৈরির বহু কাঁচা মাল। তবে কে বা কারা সেখানে বোমা মজুত করে রেখেছিল তা এখনও স্পষ্ট না। পাশাপাশি নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা, তাও জানা যায়নি।
এমতাবস্থায় গোটা বিষয়টিকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করে এনআইএ তদন্তের নির্দেশ দিল অমিত শাহের দফতর। সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের ওই রিপোর্টে বলা হয়েছে, অবৈধ জিনিসপত্র জড়ো করে বিস্ফোরক তৈরি করা ও সাধারণ মানুষের মনে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তার খাতিরে এবং ষড়যন্ত্রীদের ধরার জন্য জাতীয় তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া হচ্ছে।