একুশের মঞ্চ থেকে তৃণমূল নেত্রীকে বারংবার বলতে শোনা গেছে, আগামী ৫০ বছরের কথা ভেবে দলে পরবর্তী প্রজন্ম তৈরি করেছেন তিনি। এবং, ৫০ বছর ধরেই তৃণমূল বাংলা-শাসন করবে বলেও দাবি করেছেন তিনি।৫০ তো...
একুশের মঞ্চ থেকে তৃণমূল নেত্রীকে বারংবার বলতে শোনা গেছে, আগামী ৫০ বছরের কথা ভেবে দলে পরবর্তী প্রজন্ম তৈরি করেছেন তিনি। এবং, ৫০ বছর ধরেই তৃণমূল বাংলা-শাসন করবে বলেও দাবি করেছেন তিনি।
৫০ তো দূর অস্ত, বামেদের ৩৪ বছরের রেকর্ডও ছুঁতে পারল না তৃণমূল কংগ্রেস। ১৫ বছরের মাথায় রাজ্যজুড়ে পর্যুদস্ত হল ঘাসফুল শিবির। এবং, কালীঘাটের সর্বেশ্বরীর শিবির বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি পর্যন্ত পেল না। পরিষদীয় দল হাতছাড়া হল এবং সংসদীয় দলও ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল। এমতাবস্থায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সেনাপতি ফিরহাদ হাকিম প্রতিপক্ষ শিবিরের বিধায়ক হিসেবে বিধানসভায় যা বললেন, তা নিয়ে রাজনৈতিক মহলে রসিকতা শুরু হল।
কী বলেছেন ফিরহাদ?
“এই ১৫ বছর আমরা ছিলাম। এই ১৫ বছর নিশ্চিতভাবে আমাদের অনেক ভুল হয়েছে। কিন্তু ১৫ বছরে কিছু হয়নি, কিছু করিনি, কোনও উন্নয়ন হয়নি, এ-কথা কিন্তু ঠিক নয়। আবার একটা সময় আসবে, যখন আপনারাও চলে যাবেন। তখন এই হাউসে (বিধানসভায়) আপনাদের নিয়েও সমালোচনা হবে। আমরা যখন এসেছিলাম, ভেবেছিলাম ৫০ বছর থাকব”।