কথায় আছে যেমন কর্ম তেমন ফল। এবার সেই কথা বাস্তবায়িত করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বঙ্গকন্যা অঙ্কিতা প্রধানকে ইন্ডিয়ান আইডলে বাদ পড়া থেকে রক্ষা করলেন তিনি। পূর্ব মেদিনীপুরের কাঁথির মেয়ে অঙ্কিতা প...
কথায় আছে যেমন কর্ম তেমন ফল। এবার সেই কথা বাস্তবায়িত করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বঙ্গকন্যা অঙ্কিতা প্রধানকে ইন্ডিয়ান আইডলে বাদ পড়া থেকে রক্ষা করলেন তিনি।
পূর্ব মেদিনীপুরের কাঁথির মেয়ে অঙ্কিতা প্রধান। সনি টিভির মেগা সঙ্গীত প্রতিভা অনুসন্ধান অনুষ্ঠান ইন্ডিয়ান আইডল-এ পশ্চিমবঙ্গের একমাত্র প্রতিযোগী হিসেবে শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছেন। এতদিন শুটিং মুম্বইয়ে অনুষ্ঠিত হচ্ছিল। তবে ‘টপ ১০ প্রতিযোগী’ পর্বের শুটিং দুবাইয়ে হওয়ার কথা রয়েছে। কিন্তু, অঙ্কিতা নাবালিকা হওয়ায় একা দুবাই যেতে পারবে না বলে সে তার মায়ের সঙ্গে পাসপোর্টের জন্য আবেদন করে।
যদিও অঙ্কিতা ও তাঁর মা একসঙ্গে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। তবে শুধুমাত্র অঙ্কিতার পাসপোর্টই আসে, তার মায়েরটি আসেনি। পরবর্তীতে টিভি চ্যানেলের পক্ষ থেকে তিন দিনের মধ্যে অঙ্কিতা ও তাঁর মায়ের পাসপোর্টের স্ট্যাটাস জমা দিতে বলা হয়। এই পরিস্থিতিতে পরবর্তী পর্ব থেকে বাদ পড়ার সম্ভাবনা ছিল অঙ্কিতার।
মেয়ের স্বপ্নভঙ্গের আশঙ্কায় অঙ্কিতার পরিবার যোগাযোগ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। বিষয়টি জানার পর তিনি হস্তক্ষেপ করেন। শনিবার পাসপোর্ট হাতে পান অঙ্কিতার মা। এখন দুজনেই শো-এর পরবর্তী পর্বের জন্য দুবাই যাওয়ার প্রস্তুতি সম্পূর্ণ করেছেন।