মাওবাদী নিকেশ অভিযানে কলকাতা পুলিসের বড় সাফল্য। গ্রেফতার মোস্ট ওয়ান্টেড মাও-নেতা অসীম মণ্ডল। যাঁর মাথার দাম ধার্য করা হয়েছিল এক কোটি টাকা! শোনা যায়, এই অসীম মন্ডল একসময় কিষেণজির ছায়াসঙ্গী ছিলেন। তাঁর ...
মাওবাদী নিকেশ অভিযানে কলকাতা পুলিসের বড় সাফল্য। গ্রেফতার মোস্ট ওয়ান্টেড মাও-নেতা অসীম মণ্ডল। যাঁর মাথার দাম ধার্য করা হয়েছিল এক কোটি টাকা! শোনা যায়, এই অসীম মন্ডল একসময় কিষেণজির ছায়াসঙ্গী ছিলেন। তাঁর খোঁজেই গত কয়েক দশক ধরে হন্যে হয়ে ঘুরছিল গোয়েন্দার।
জানা যাচ্ছে, কলকাতা পুলিসের এসটিএফ বুধবার গ্রেফতার করে অসীমকে। তবে এই বিষয়ে পুলিসের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। বর্তমানে তিনি পুলিস হেফাজতে রয়েছেন বলেই খবর। অন্যদিকে মাও-নেতার গ্রেফতারিতে কলকাতা পুলিসের এসটিএফ-কে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি লিখেছেন, 'পূর্ব মেদিনীপুরের পটাশপুরের লালট এলাকা থেকে সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি-১-এর সম্পাদক অসীম মণ্ডল ওরফে আকাশকে সফলভাবে খুঁজে বের করে গ্রেফতার করার জন্য আমি কলকাতা পুলিসের এসটিএফ-এর আধিকারিক ও কর্মীদের প্রশংসা করছি।'
সেই সঙ্গেই তিনি লেখেন, 'আমি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই, রাজ্যের সীমানার মধ্যে 'লাল সন্ত্রাস'-এর নেটওয়ার্ক পুনরুজ্জীবিত বা সম্প্রসারিত করার কোনও প্রচেষ্টাই পশ্চিমবঙ্গ সরকার বরদাস্ত করবে না।' তাঁর সংযোজন, 'কোনও চরমপন্থী মতাদর্শকেই জনগণের নিরাপত্তা ও সুরক্ষা বিঘ্নিত করতে এবং রাজ্যের উন্নয়ন ব্যাহত করতে দেওয়া হবে না।'