সিপিআই(এম)-এর যুবনেতা প্রতীক উর রহমানের পদত্যাগের সময় থেকে আলিমুদ্দিন স্ট্রিটকে নিশানা করে যে-কার্পেট বোম্বিং শুরু করেছেন তৃণমূলের কুণাল ঘোষ, তা এদিন অবধি অব্যাহত। এবার কুণালের নিশানায় 'উগ্র চাকরিখে...
সিপিআই(এম)-এর যুবনেতা প্রতীক উর রহমানের পদত্যাগের সময় থেকে আলিমুদ্দিন স্ট্রিটকে নিশানা করে যে-কার্পেট বোম্বিং শুরু করেছেন তৃণমূলের কুণাল ঘোষ, তা এদিন অবধি অব্যাহত। এবার কুণালের নিশানায় 'উগ্র চাকরিখেকো আইনজীবী'। এবং 'ভিকটিম' দলেরই এক মহিলা কর্মী।
কুণালের পোস্ট
"সিপিএমের এক উগ্র চাকরিখেকো আইনজীবীর বিরুদ্ধে পার্টির রাজ্য সম্পাদকের কাছে বিস্ফোরক অভিযোগ করেছেন তাঁরই সঙ্গে কর্মরত এক সিপিএমপন্থী মহিলা আইনজীবী। কীভাবে নেতাদের নাম জড়িয়ে এবং মিডিয়ার প্রচার ব্যবহার করে অসুরটাইপ অভিযুক্ত নানা অপকর্ম করছে, তার সবিস্তার বর্ণনা আছে চিঠিতে। মহিলা যেহেতু পার্টি করেন, পুলিশে যাওয়ার আগে পার্টির কাছেই বিচার চেয়েছেন। চার নেতার কাছে চিঠির কপি আছে। আপাতত একটির কপি আমার হাতে। চিঠিটি পোস্ট করার সময় এখনও আসেনি। সিপিএম কি অভিযোগ খতিয়ে দেখবে? মহিলা তাঁর নিরাপত্তা নিয়ে চিন্তিত। তাঁকে চুপ করানোর চেষ্টা হচ্ছে। চিঠির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে সিপিএম সূত্রেই পাওয়া। মামলা করে চাকরিতে জটিলতা তৈরির রাজনীতি, মিডিয়া-সোশ্যাল মিডিয়ায় ডায়লগবাজিতে অভ্যস্ত ওই সিপিএম আইনজীবীকে বাঁচাতে এবার নামবে আলিমুদ্দিনের 'পেয়ারেলালরা'"?
স্বরগরম সমাজমাধ্যম
কুণালের এই পোস্টের পর কমেন্ট বক্স উপচে পড়ার জোগাড়। সিপিএম-পন্থীদের মন্তব্য, "সব স্ক্রিপটেড অভিযোগ। আপনারা তাঁকেও কিনেছেন। অভিযোগের চিঠিও আপনাদের তৈরি"।
দুই শিবিরে বিভক্ত রাজনৈতিক শিবির
রাজনৈতিক শিবিরের একাংশ প্রশ্ন তুলছে, বিধানসভা নির্বাচনের মুখে কী করে পর-পর সব সিপিএমের পদত্যাগ-চিঠি কী করে হাতে পেয়ে যাচ্ছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ? সব আগে থেকে তৈরি, 'স্ক্রিপটেড' নয় তো?
অন্য শিবিরের প্রশ্ন, তাহলে সিপিএমের তথাকথিত আদর্শবাদীদের 'কেনা' যায় এত সহজে?
পর্যবেক্ষকরা কেউ কেউ বলছেন, কুণালের নিশানায় যত-না আলিমুদ্দিন স্ট্রিট, তার চেয়েও বেশি করে মহম্মদ সেলিম আর বিকাশ ভট্টাচার্য। 'চাকরিখেকো উগ্র আইনজীবী' বলতে হয় বিকাশরঞ্জন নয় তো তাঁরই ডান-হাত বাঁ-হাতকে ইঙ্গিত করেছেন কুণাল। এবং 'আলিমুদ্দিনের পেয়ারেলাল' সম্ভবত শতরূপ ঘোষ। কারণ, 'মিডিয়া, সোশাল মিডিয়া, ডায়লগবাজি' নিয়ে কুণাল আগেও নিশানা করেছেন শতরূপকে। তাছাড়া, কুণাল-শতরূপের ফেসবুক-যুদ্ধ তো নিত্য-নৈমিত্তিক হয়ে উঠেছে এখন। এমতাবস্থায়, মহম্মদ সেলিমের নাম না-করে একই সঙ্গে 'রাজ্য সম্পাদক' এবং তাঁরই 'পেয়ারের লোক' শতরূপকেও খোঁচা দিয়েছেন কুণাল?
প্রতীক-পদত্যাগে কুণালের পোস্ট
"সিপিএমের বায়োলজিকাল ফেরেব্বাজ নেতৃত্বের অংশ ও ফেসবুকের সভ্যতাহীন ফুটেজ বিপ্লবীদের দাপটে সিপিএমেরই প্রথম সারির যুবনেতাদের অবস্থা ও সিদ্ধান্ত এরকম। এসএফআই শীর্ষ নেতা, জেলা নেতা, রাজ্য কমিটির কিছু দায়িত্বে থাকা ও গত লোকসভায় ডায়মন্ড হারবারে সিপিএম প্রার্থী প্রতীক উর। সিপিএমকে সর্বস্তরে শূন্যতে নামানো সম্পাদক ও তাঁর কিছু অযোগ্য বাতেলাবাজের কাঠিবাজিতে এই সিদ্ধান্ত বলে খবর। চিঠির সত্যতা যাচাই করতে পারিনি। ভুল হলে ডিলিট করে দেবো"।
তবে আলিমুদ্দিনকে লক্ষ্য করে কুণালের কার্পেট বোম্বিংয়ে প্রশ্ন উঠছে, তবে কি তৃণমূল-বিজেপির বাইনারি ভাঙছে আর বামেরা অন্যতম শক্তি হিসেবে উঠে আসছে বিধানসভা নির্বাচনের মুখে? নইলে, 'শূন্য'-হয়ে যাওয়া পরিত্যক্ত গুদামকে লক্ষ্য করে কেনই-বা কার্পেট বোম্বিং করবেন রাজ্য তৃণমূলের বর্তমান চাণক্য কুণাল ঘোষ?