বাংলাজুড়ে সবুজ ঝড়। ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূলের দখলে ২৯টি কেন্দ্র। বিজেপির খাতায় রয়েছে ১২টি কেন্দ্র। যদিও ভোটের আগে ৩৫-পারের ডাক দিয়েছিল গেরুয়া শিবির। খেলা ঘুরিয়ে দিল মমতা সরকারের প্রার্থী তাল...
বাংলাজুড়ে সবুজ ঝড়। ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূলের দখলে ২৯টি কেন্দ্র। বিজেপির খাতায় রয়েছে ১২টি কেন্দ্র। যদিও ভোটের আগে ৩৫-পারের ডাক দিয়েছিল গেরুয়া শিবির। খেলা ঘুরিয়ে দিল মমতা সরকারের প্রার্থী তালিকা। এবারের তৃণমূলের প্রার্থী তালিকায় ছিল বিশেষ চমক। ২০১১-এর বিশ্বকাপ ক্রিকেট জয়ী ভারতীয় দলের তারকা ইউসুফ পাঠান বহরমপুরের ভোট ময়দানে জায়ান্ট কিলার। লোকসভায় বিরোধী দলনেতা তথা পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীকে ৮৫ হাজার ৩২৮ ভোটে হারিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ইউসুফ। কম যাননি ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদও।
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগবত ঝা আজাদের পুত্র কীর্তি বর্ধমান-দুর্গাপুর আসনে বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা ডাকাবুকো নেতা দিলীপ ঘোষকে ১ লক্ষ ৩৭ হাজারেরও বেশি ভোটে হারিয়ে রীতিমতো লাইমলাইটে উঠে এসেছেন। দিলীপবাবু 'জিতবেন', এই চূড়ান্ত আত্মবিশ্বাস ছিল বিজেপির। কিন্তু পাশা পাল্টে দিল কীর্তি। হুগলি লোকসভায় জোড়াফুলের প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী তথা ‘দিদি নম্বর ওয়ান’ রিয়েলিটি শোয়ের সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়।
আর তাঁর সঙ্গে একই আসনের জন্য লড়াই করছিলেন বিদায়ী সাংসদ বিজেপির লকেট চট্টোপাধ্যায়। ৭৬,২২৭ ভোটের বেশি ব্যবধানে হারিয়ে রচনা আসনটি পুনরুদ্ধার করে তাঁর ‘দিদি’ তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন। তৃণমূলের প্রার্থী তালিকায় ছিলেন আসানসোলে বলিউডের প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহা, ঘাটালের দীপক অধিকারী (দেব), বীরভূমে শতাব্দী রায়, যাদবপুরে সায়নী ঘোষ এবং মেদিনীপুরে জুন মালিয়ারাও।
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রই ছিল বিজেপির এবারের পাখির চোখ। নিজেদের ঘরে জয় ঢোকাতে 'সিংগাম' অর্জুন সিং-কে দাঁড় করিয়েছিলেন ওই কেন্দ্রে। তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে প্রায় ৮৪ হাজার ভোটে পরাজিত হন। কার্যত বিস্ময়কর পরাজয় ছিল গেরুয়া শিবিরের। বিজেপি এক্সহেড়ে তৃণমূলে ফিরেছিলেন। আবার তৃণমূলের টিকিট না পেয়ে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে মাঠে নেমেছিলেন। কিন্তু ভোটের ফলাফল দেখে সাধারণ মানুষের একটাই মত, দ্রুত সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল চাল চেলে ফেলেছেন দাপুটে অর্জুন।
সবচেয়ে উল্লেখযোগ্য, বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হল ডায়মন্ড হারবার। ২০২৪ লোকসভা ভোটে ওই কেন্দ্রেই বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব রেকর্ড ভেঙে প্রায় ৭ লক্ষ ১০ হাজার ৯৩০ মার্জিনে জয় হাসিল করে নেন তিনি। বিরোধীদের কার্যত ধারে কাছে ঘেঁষতে দেননি অভিষেক। মমতা ভরসায় বিন্দুমাত্র আঁচ আসতে দেননি তিনি।