দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ। সিকিম মহানন্দা এক্সপ্রেসের স্টপেজ পেল নকশালবাড়ি রেলস্টেশন। আজ মঙ্গলবার ফ্ল্যাগঅফ করে নতুন স্টপেজের উদ্বোধন করলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা। দীর্ঘদিনের দাবি পূ...
দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ। সিকিম মহানন্দা এক্সপ্রেসের স্টপেজ পেল নকশালবাড়ি রেলস্টেশন। আজ মঙ্গলবার ফ্ল্যাগঅফ করে নতুন স্টপেজের উদ্বোধন করলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি উত্তরবঙ্গবাসী।
এদিন কাটিহার রেলের উদ্যোগে স্টপেজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্তা ও মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। স্থানীয়দের অভিযোগ, কলকাতাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ থাকলেও দিল্লি যেতে হলে নিউ জলপাইগুড়ি স্টেশনের উপরেই ভরসা করতে হত নকশালবাড়ির সাধারণ মানুষকে। তবে এবার সেই অসুবিধা থেকে মুক্তি মিলবে বলেই মনে করছে স্থানীয়রা। কারণ সিকিম মহানন্দা এক্সপ্রেসের স্টপেজে এবার থেকে সুবিধা হবে এই অঞ্চলের পাশাপাশি নেপাল ও বাকি পাহাড় এলাকার বাসিন্দাদের।
এদিন ফ্ল্যাগঅফ করে সাংসদ রাজু বিস্তা জানান, 'এটা নকশালবাড়ির জন্য খুশির খবর। সব মিলিয়ে ৯টি ট্রেন নকশালবাড়ি স্টেশনে যাত্রী পরিষেবা প্রদান করে। আগামী দিনে ক্যাপিটাল এক্সপ্রেসের স্টপেজ নকশালবাড়ি স্টেশন পাবে।' তিনি আরও বলেন, ওই এলাকার উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার একযোগে কাজ করছে। আগামী তিন মাসের মধ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে বাকি কাজ ত্বরান্বিত হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।