ভোট আবহে ফের মাওবাদী আতঙ্ক পুরুলিয়ায়। সোমবার বিডিও অফিসের সামনে থেকে উদ্ধার একাধিক মাওবাদী নামাঙ্কিত হুমকি পোস্টার। ঘটনাকে কেন্দ্র করে তুমুল আতঙ্ক ছড়িয়েছে বলরামপুর জেলায়। যদিও ঘটনার নেপথ্যে আদৌ মাওবাদ...
ভোট আবহে ফের মাওবাদী আতঙ্ক পুরুলিয়ায়। সোমবার বিডিও অফিসের সামনে থেকে উদ্ধার একাধিক মাওবাদী নামাঙ্কিত হুমকি পোস্টার। ঘটনাকে কেন্দ্র করে তুমুল আতঙ্ক ছড়িয়েছে বলরামপুর জেলায়। যদিও ঘটনার নেপথ্যে আদৌ মাওবাদী যোগ রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট না। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
কী লেখা ছিল ওই পোস্টার গুলোয়? মূলত চোলাই মদের বিরুদ্ধে সরব হয়ে ঘুরপথে হুমকি দেওয়া হয়েছে। বনের কাঠ কাটার বিরুদ্ধে এবং বনাঞ্চলে অবৈধ কার্যকলাপ বন্ধের বিরুদ্ধে দাবি জানানো হয়েছে। পাশাপাশি এলাকার রাস্তাঘাট পাকা করা, বেকার যুবকদের চাকরির ব্যবস্থা ও আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতির বিরুদ্ধেও লাল কালী দিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সোমবার সকালে এই দৃশ্য নজরে আসতেই সাময়িকভাবে আতঙ্ক ছড়ায় এলাকায়। কে বা কারা রাতের অন্ধকারে ওই পোস্টার আটকেছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস। খতিয়ে দেখা হচ্ছে মাওবাদী যোগের বিষয়টিও।
যদিও এই পোস্টারের নেপথ্যে মাওবাদী যোগের বিষয়টি 'লঘু' করেই দেখেছেন শাসক ও বিরোধী দলের নেতারা। ওই এলাকার বিজেপি প্রার্থীর অভিযোগ, সাধারণ মানুষ শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে সোজাসুজি কথা বলতে ভয় পায়। তাই ঘুরপথে মাওবাদী পোস্টারের আড়ালে, নিজেদের দাবি জানিয়েছে। অন্যদিকে এলাকার তৃণমূল নেতার দাবি, এলাকার কিছু মানুষ ইচ্ছা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ওই এলাকায় মাওবাদী নেই বলেও সাফ জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেও মাওবাদী নামাঙ্কিত পোস্টারে আতঙ্ক ছড়িয়েছিল এই এলাকায়। তখনও চোলাই মদ ও অন্যান্য অসাধু কার্যকলাপের বিরুদ্ধে লাল কালিতে হুমকি দেওয়া হয়েছিল ওই পোস্টারে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার মাওবাদী পোস্টার দেখা গেল সরকারি কার্যালয়ের সামনে।