রাজ্যের নতুন সরকারের মঙ্গল কামনায় মন্দিরে পুজো দিলেন মদন মিত্র। আজ, সোমবার আচমকা আসানসোলের কল্যানেশ্বরী মন্দিরে গিয়ে হাজির হন তিনি। সেখানে বসে মন্ত্র পাঠ করে নতুন সরকার ও বিরোধীদের নামে পুজো দেন 'বিদ্...
রাজ্যের নতুন সরকারের মঙ্গল কামনায় মন্দিরে পুজো দিলেন মদন মিত্র। আজ, সোমবার আচমকা আসানসোলের কল্যানেশ্বরী মন্দিরে গিয়ে হাজির হন তিনি। সেখানে বসে মন্ত্র পাঠ করে নতুন সরকার ও বিরোধীদের নামে পুজো দেন 'বিদ্রোহী' শিবিরের বিধায়ক। এদিন পুজো শেষ করে মদন বলেন, 'নতুন সরকার যেন ভালো কাজ করে, শক্তি পায় তার জন্য আজ মায়ের কাছে প্রার্থনা করলাম।'
রাজ্যে তৃণমূল সরকারের পতনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে একে একে সরে গিয়েছেন একসময়ে তৃণমূলের তাবড় নেতারা। সেই তালিকায় মদন একজন। যাকে এক সময় অত্যন্ত স্নেহ করতেন তৃণমূলনেত্রী। মমতার সঙ্গ ছেড়ে বর্তমানে ঋতব্রত শিবিরে মিশেছেন তিনি। কালীঘাটের সঙ্গে দূরত্ব বেড়েছে বহু যোজন। এমতাবস্থায় শাসক দলের ছায়ায় থাকতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূলের ঋত-শিবির। তার মধ্যেই আজ আসানসোলের কল্যানেশ্বরী মন্দিরে গিয়ে একা একা পুজো সেরে আসলেন কামারহাটির বিধায়ক।
এদিন পুজো শেষে মদন বলেন, 'শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে নতুন সরকার গঠন হয়েছে। তারা যেন ভালো করে কাজ করে, শক্তি পায় তার জন্য আজ মায়ের কাছে প্রার্থনা করলাম। নতুন সরকারও ক্ষমতা পাক, আবার একইসঙ্গে বিরোধীরাও যেন বেঁচে থাকে। তাই গণতন্ত্রের পুজো স্বার্থক করার জন্য বিরোধীদের পরামর্শ, সমালোচনা শুনতে হবে। প্রয়োজনে তাদের ব্যবহার করতে হবে। আবার একইসঙ্গে রাজধর্ম পালন করতে হবে।' পাশাপাশি তাঁর বিশ্বাস, দূর্গা পুজো শুরু হওয়ার আগেই রাজ্যে হিংসা ও অশান্তি বন্ধ হবে।