কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার এক মেডিকেল পড়ুয়ার মৃতদেহ। হোস্টেলের ঘর থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার করা হয় বলে খবর। মৃত মেডিকেল পড়ুয়ার নাম পুলক হালদার। ডায়মন্ড হারবারের ব...
কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার এক মেডিকেল পড়ুয়ার মৃতদেহ। হোস্টেলের ঘর থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার করা হয় বলে খবর। মৃত মেডিকেল পড়ুয়ার নাম পুলক হালদার। ডায়মন্ড হারবারের বাসিন্দা ছিলেন তিনি। জেএনএমের পঞ্চম বর্ষের অর্থাৎ চূড়ান্ত সেমিস্টারের ছাত্র ছিলেন পুলক। বৃহস্পতিবার তাঁর ঘর থেকে কটু গন্ধ পেতেই সন্দেহ হয় হোস্টেলের বাকি পড়ুয়াদের। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিসে। পরে পুলিস এসে দরজা ভেঙে দেহটি উদ্ধার করে। তবে কীভাবে মৃত্যু হল ওই যুবকের তা এখনও জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস্য।
পুলিসের প্রাথমিক অনুমান বেশ কয়েকদিন ধরেই বন্ধ ঘরে পড়েছিল মৃত দেহটি। এমনকি পড়ুয়ার শরীরে পচন ধরতে শুরু করেছিল বলেও জানা যায়। এরপর আজ দুপুরে পঁচা গন্ধ বেরোতেই তা টের পান বাকি পড়ুয়ারা। এরপরেই তড়িঘড়ি খবর দেওয়া কলেজ কর্তৃপক্ষকে। খবর দেওয়া হয় কল্যাণী থানাতেও। পরে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠায় পুলিস। খবর দেওয়া হয়েছে পরিবারেও।
তবে কীভাবে মৃত্যু হল ওই পড়ুয়ার তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। এতদিন মৃতদেহটি পড়ে থাকা সত্ত্বেও কেন আগে থেকে টের পেলেন না বাকি পড়ুয়ারা, তা নিয়েও বাড়ছে কৌতূহল। সবদিক বিবেচনা করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। পাশাপাশি ছাত্রের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলেও মনে করছেন তদন্তকারীরা।