বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের ফেসিলিটি ম্যানেজারকে প্রকাশ্যে দিনের আলোয় অপহরণ দুষ্কৃতীদের। জানা গেছে চারচাকা গাড়ি নিয়ে এসে ওই কর্মীকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় শোরগোল পড়েছে বালুরঘাট জেলা...
বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের ফেসিলিটি ম্যানেজারকে প্রকাশ্যে দিনের আলোয় অপহরণ দুষ্কৃতীদের। জানা গেছে চারচাকা গাড়ি নিয়ে এসে ওই কর্মীকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় শোরগোল পড়েছে বালুরঘাট জেলা হাসপাতালে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, অপহৃত ওই কর্মীর নাম ধ্রুব রঞ্জন চৌধুরী। তিনি বালুরঘাট জেলা হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিং এর দায়িত্বপ্রাপ্ত এজেন্সির ফেসিলিটি ম্যানেজার।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় হাসপাতালের পাশেই চায়ের দোকানে চা খেতে বেরিয়েছিল ওই কর্মী। এরপর ওই চায়ের দোকান থেকেই কর্মীকে রীতিমত ধস্তাধস্তি করতে করতে দুষ্কৃতীরা গাড়িতে বসিয়ে নিয়ে সেখান থেকে চম্পট দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিস। এলাকার বিভিন্ন সিসি ক্যামেরায় নজরদারি চালিয়ে পুলিস ওই গাড়ির তল্লাশি চালায়।
পুলিস সূত্রে খবর, অপহৃত ওই কর্মী ধ্রুব রঞ্জন চৌধুরীকে তপন থানার একটি এলাকায় উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, ঘটনায় মূল অভিযুক্ত মকলেশ মিঞাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ। তিনি বলেন, অপহৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। অপহরণের মোটিভ জানতে জিজ্ঞাসাবাদ চলছে। সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু করছে পুলিস।