২৬ জুলাই, ১৯৯৯। ভারতের ইতিহাসে এক স্মরণীয় দিন। সেদিনই কার্গিল যুদ্ধে বিজয়লাভ করে ভারত। এই বিশেষ দিনে দেশের সাহসী সেনাদের বীরত্ব ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্র...
২৬ জুলাই, ১৯৯৯। ভারতের ইতিহাসে এক স্মরণীয় দিন। সেদিনই কার্গিল যুদ্ধে বিজয়লাভ করে ভারত। এই বিশেষ দিনে দেশের সাহসী সেনাদের বীরত্ব ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, ‘কার্গিল বিজয় দিবসে আমাদের দেশ ভারতের নিরাপত্তার জন্য অসাধারণ সাহস ও নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করা বীর সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। প্রতিকূল পরিস্থিতিতে তাঁদের বীরত্ব চিরকাল দেশের গর্বের উৎস হয়ে থাকবে। তাঁদের অটল দেশপ্রেম ও কর্তব্যবোধ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে।’
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, "অপারেশন বিজয়"-এ পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণকারী বীর ভারতীয় সেনাবাহিনীর সকল সদস্যদের আমার প্রণাম জানাই। শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।'
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের স্মরণ করেন। তিনি বলেন, কার্গিল বিজয় দিবস ভারতীয় সেনাবাহিনীর অদম্য সাহস ও অসাধারণ বীরত্বের প্রতীক। ১৯৯৯ সালে হিমালয়ের দুর্গম তুষারাবৃত পাহাড় এবং শত্রুর উচ্চ-উচ্চতার অবস্থানের প্রতিকূলতা সত্ত্বেও ভারতীয় সেনারা ‘অপারেশন বিজয়’-এর মাধ্যমে শত্রুপক্ষকে পরাজিত করেছিল। দেশের অখণ্ডতা রক্ষায় যাঁরা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, সেই সমস্ত বীর সেনার প্রতি শ্রদ্ধা জানান অমিত শাহ।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও কার্গিল যুদ্ধে শহিদ হওয়া সেনাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, মাতৃভূমিকে রক্ষা করতে গিয়ে যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, সেই সমস্ত সাহসী জওয়ানদের প্রতি দেশ চিরকাল কৃতজ্ঞ থাকবে। ১৯৯৯ সালে কার্গিলের দুর্গম পাহাড়ে ভারতীয় সেনাদের অসাধারণ বীরত্ব ও আত্মত্যাগ আগামী প্রজন্মকে দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা এবং দেশের জন্য সর্বস্ব ত্যাগ করার অনুপ্রেরণা জোগাবে বলেও জানান তিনি।
রাজনাথ সিং আরও জানান, কার্গিল বিজয় দিবসের প্রাক্কালে তিনি দ্রাসে আয়োজিত ‘শৌর্য সন্ধ্যা’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। কার্গিল বিজয়ের স্মৃতি দেশবাসীকে গর্বিত করলেও সামনে থাকা চ্যালেঞ্জগুলির কথাও মনে রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি। যে কোনও ধরনের প্রতিকূলতা মোকাবিলায় ভারতীয় প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলেও আশ্বস্ত করেন প্রতিরক্ষামন্ত্রী।