ভোটমুখী পশ্চিমবঙ্গে পদ্ম প্রার্থীদের মনোবল বাড়াতে বৃহস্পতিবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ একই দিনে রাজ্যের তিন গুরুত্বপূর্ণ জায়গায় নির্বাচনী জনসভা করবেন তিনি। এরপর ফের তিনি রওনা হব...
ভোটমুখী পশ্চিমবঙ্গে পদ্ম প্রার্থীদের মনোবল বাড়াতে বৃহস্পতিবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ একই দিনে রাজ্যের তিন গুরুত্বপূর্ণ জায়গায় নির্বাচনী জনসভা করবেন তিনি। এরপর ফের তিনি রওনা হবেন দিল্লির উদ্দেশে। তবে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য কিছু জনসভার সময় পরিবর্তন করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। সূত্রের আরও খবর, আজ প্রধানমন্ত্রী প্রচার শেষে ফিরে যাওয়ার পর রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শুক্র ও শনিবার জেলায় জেলায় ঘুরে নির্বাচনের প্রচার করবেন তিনি।
আজ রাজ্যের তিন জেলায় জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রথমটি রয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। দ্বিতীয়টি পশ্চিম বর্ধমানের আসানসোলে। এর পরে বীরভূমের সিউড়িতেও একটি জনসভায় যোগ দেবেন তিনি। এরপর মোদী দিল্লি চলে যাওয়ার পরে রাতেই কলকাতায় পা রাখবেন অমিত শাহ। শুক্র ও শনিবার ঝোড়ো প্রচারে নামবেন তিনি।
রাজ্যে ভোটের হাওয়া শুরুর অনেক আগে থেকেই বঙ্গ সফরে ঝোঁক বাড়িয়েছেন মোদী-শাহ দু'জনেই। সম্প্রতি কলকাতার ব্রিগেডেও একটি মেগা জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী। পরে ভোট ঘোষণা হওয়ার পর প্রথম সভা করেন কোচবিহারে। গত রবিবার সেই সভা থেকে মালদহ কাণ্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তিনি মোদী। বক্তৃতায় টেনে এনেছিলেন অনুপ্রবেশ ও SIR প্রসঙ্গও। যদিও তার পাল্টা উত্তর দিতে ছাড়েননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমতাবস্থায় ফের তিন জেলার তিন সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। আর সেই সভা থেকে তিনি কী বার্তা দেন, তা নিয়ে ক্রমেই বাড়ছে কৌতুহল।
তবে বিগত কয়েকদিন ধরেই দুর্যোগপূর্ন আবহাওয়া বজায় রয়েছে বাংলার। আজ সকালেও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে জেলায় জেলায়। ফলে সেই দুর্যোগের আঁচ মোদীর জনসভায় পড়বে কিনা তা নিয়েও বাড়ছে জল্পনা। সভায় কর্মীদের 'টান' পড়বে কিনা, তাও নিশ্চিত বলা যায় যাচ্ছে না। যদিও বাংলায় পদ্ম ঝড় তুলতে কোন চেষ্টারই ত্রুটি রাখছেন না বিজেপির শীর্ষ নেতৃত্বরা।