উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিডিও অফিসের বৈঠখানায় অবৈধ টাকার ছড়াছড়ি। বান্ডিল বান্ডিল টাকা হাত বদলের ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন ডিজিটাল। তবে ওই একগুচ্ছ ...
উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিডিও অফিসের বৈঠখানায় অবৈধ টাকার ছড়াছড়ি। বান্ডিল বান্ডিল টাকা হাত বদলের ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন ডিজিটাল। তবে ওই একগুচ্ছ টাকা কী উদ্দেশ্যে হাত বদল হচ্ছিল তা এখনও জানা যায়নি। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে আসরে নেমেছে বিজেপিও। বিডিও অফিসে 'কাটমানির' টাকা সরানো হচ্ছিল বলে দাবি বিজেপির জেলা সভাপতির।
ইতিমধ্যেই প্রকাশ্যে আসা ওই ভিডিওতে মোট পাঁচজনকে বসে থাকতে দেখা গিয়েছে। যাদের মধ্যে দুজনের মুখ ক্যামেরায় ঠিক করে বোঝা না গেলেও বাকি তিনজনের মুখ স্পষ্ট। প্রকাশ্যে এসেছে তাঁদের পরিচয়ও। জানা গিয়েছে ভিডিওতে লাল সোয়েটার পরা ব্যক্তি হলেন মহাসিন আজম। করণদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা আজমের স্বামী তিনি। সাদা জামার সঙ্গে নীল হাফ জ্যাকেট পরা খগেন্দ্রনাথ দাস ওরফে পুড়া, করণদিঘী পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। ব্যাগ থেকে টাকা বের করতে দেখা গেছে করণদিঘী ব্লকের ইঞ্জিনিয়ার হরেন মণ্ডলকে।
নীল জ্যাকেট পরে হাতে মোবাইল নিয়ে থাকা ব্যক্তি মকশেদুল হক, করণদিঘী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। আর ফুলহাতা নীল গেঞ্জি পরা জৈনুদ্দিন নামে আরেক ব্যক্তিকে টেবিলে টাকা রাখতে দেখা গেছে। তবে সেগুলো কীসের টাকা তা এখনও জানা যায়নি। ঘরে সিসিটিভি থাকা সত্ত্বেও কীভাবে এই বিপুল অর্থ হাতবদল হচ্ছিল, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।
এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি খগেন দাস জানিয়েছেন, ২০২৩ সালে পঞ্চায়েত সমিতির অফিসের সামনে বড় করে কালীপুজো হয়। সেই কালীপুজোর টাকা বিভিন্ন দিক থেকে চাঁদা হিসেবে এসেছিল। সেই টাকাগুলো নিয়েই হিসাবে বসা হয়েছিল সেদিন। তবে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে ২০২৩ সালের কালী পুজোর চাঁদা বাবদ অর্থের হিসাব কেন ২০২৬ সালে এসে করতে হচ্ছে? পাশাপাশি কেন সেই অর্থ গোনার জন্য সরকারি দফতরকে বেছে নিলেন আধিকারিকরা? তা নিয়েও বিস্তর জলঘোলা শুরু হয়েছে।
অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আসরে নেমেছে বিরোধীরা। বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজের অভিযোগ, 'রাতের অন্ধকারে তৃণমূলের নেতারা কাটমানির টাকা পঞ্চায়েত সমিতির কক্ষে ভাগাভাগি করছিল। সমাজমাধ্যমে সেই ছবি ভাইরাল হয়েছে।' পাশাপাশি তৃণমূলে নেতাদের এই কাজকে সাধারণ মানুষের সামনে আনতে বিজেপি কর্মীদের আন্দোলনে নামার বার্তাও দিয়েছেন তিনি।