এমনিতেই ডেঙ্গি হানায় আতঙ্ক বাড়ছে রাজ্যবাসীর মনে। সচেতনতার বার্তাও দেওয়া হচ্ছে। কিন্তু রাজ্যের প্রথমসারির অন্যতম NRS মেডিক্যাল কলেজ ও হাসপাতালই হয়ে উঠেছে মশার আঁতুড়ঘর। যত্রতত্র জমা জল আর নো...
এমনিতেই ডেঙ্গি হানায় আতঙ্ক বাড়ছে রাজ্যবাসীর মনে। সচেতনতার বার্তাও দেওয়া হচ্ছে। কিন্তু রাজ্যের প্রথমসারির অন্যতম NRS মেডিক্যাল কলেজ ও হাসপাতালই হয়ে উঠেছে মশার আঁতুড়ঘর। যত্রতত্র জমা জল আর নোংরা আবর্জনা। হাসপাতালের পরিষেবা, পরিকাঠামো নিয়ে প্রশ্ন রোগীদের।
ভয় ধরাচ্ছে ডেঙ্গির প্রাদুর্ভাব। বাড়ছে আতঙ্ক। চিকিৎসক মহল ও রাজ্য প্রশাসনের তরফে এ নিয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু রাজ্যের অন্যতম সরকারি হাসপাতালের চিত্রটা ঠিক উল্টো। প্রথম সারির NRS মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে যত্রতত্র জমে রয়েছে জল। আর সেই জলে থিকথিক করছে মশার লার্ভা। রীতিমতো মশার আঁতুড়ঘরে পরিণত হয়েছে NRS মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। শুধু তাই নয়, চারিদিকে নোংরা, আবর্জনার দুর্গন্ধে টেকা দায় ! বাড়ছে সংক্রমণের আশঙ্কা। দূর-দূরান্ত থেকে আসা রোগীদের ভোগান্তির শেষ নেই। এই কি তাহলে রাজ্য প্রশাসনের উন্নয়নের চিত্র?
বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে রাজ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, রাজ্যে শেষ ১০ দিনে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২৫০ জন। চলতি মরসুমে গত ৩ জুলাই পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২০৯৫। কলকাতা, উত্তর ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, হুগলি সহ বিভিন্ন জেলায় ভয় ধরাচ্ছে ডেঙ্গির আতঙ্ক। প্রত্যেককে সচেতন থাকার পরামর্শ চিকিৎসক সহ প্রশাসনেই তরফে। কিন্তু প্রশাসনের উদাসীনতার চিত্রটা NRS মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরেই প্রকট হয় উঠেছে। হাসপাতালের পরিষেবা-পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন। ঠান্ডাঘরে থেকে অভ্যস্ত নেতা-মন্ত্রীদের কি চোখেই পড়ে না আমজনতার এই ভোগান্তি ? নাকি খেটে খাওয়া মানুষের প্রাণের দাম বড়ই কম হেভিওয়েট নেতা-মন্ত্রীদের কাছে?