মোথাবাড়ি-কাণ্ডে ফের দু'জনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ধৃতরা হলেন, শাহদাত হোসেন এবং আসিফ শেখ। দু'জনেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত বলে খবর সূত্রের। এই নিয়ে মোট তিনজনকে নিজেদের হেফাজতে...
মোথাবাড়ি-কাণ্ডে ফের দু'জনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ধৃতরা হলেন, শাহদাত হোসেন এবং আসিফ শেখ। দু'জনেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত বলে খবর সূত্রের। এই নিয়ে মোট তিনজনকে নিজেদের হেফাজতে নিল এনআইএ।
জানা যাচ্ছে, ধৃত দু'জনকে রবিবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। কিন্তু তাঁদের কথায় একাধিক অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় দু'জনকে। এর আগে গোলাম রব্বানি নামে আরেকজনকে গ্রেফতার করা হয়েছিল। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য তলব করে হয়েছিল কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকেও। যদিও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, সম্প্রতি মালদার মোথাবাড়িতে SIR-এর কাজ করতে গিয়ে চরম হেনস্থার শিকার হয়েছিলেন ৭ জন বিচারক। রীতিমত ঘন্টার পর ঘন্টা তাঁদের আটকে রাখার অভিযোগ উঠেছিল স্থানীয়দের বিরুদ্ধে। এরপরেই সেই ঘটনায় শীর্ষ আদালতের নির্দেশে কলকাতার সিবিআই বিশেষ আদালতে ১২টি এফআইআর দায়ের করে জাতীয় তদন্তকারী সংস্থা। ভারতীয় ন্যায় সংহিতার খুনের চেষ্টা, অন্যায় ভাবে আটক করা, বেআইনি জমায়েত, বেআইনি জমায়েত সরাতে গেলে সরকারি কর্মীদের উপর হামলা, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, সরকারি কর্মীদের আদেশ অমান্য করা, সরকারি কর্মীকে মারধর, সরকারি সম্পত্তি ভাঙচুর, অপরাধমূলক ভীতি প্রদর্শন, দীর্ঘ সময় জাতীয় সড়ক আটকে রেখে বেআইনি অবরোধ করার ধারায় মামলা রুজু হয়েছে বলে খবর তদন্তকারী সূত্রে।