দীর্গদিন ধরেই অচলাবস্থা এলাকার রাস্তার। কিন্তু ভ্রূক্ষেপ নেই প্রশাসনের। ভোগান্তির কথা পঞ্চায়েতে জানানো হলেও কার্যকর কোনও পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার তীব্র বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। নি...
দীর্গদিন ধরেই অচলাবস্থা এলাকার রাস্তার। কিন্তু ভ্রূক্ষেপ নেই প্রশাসনের। ভোগান্তির কথা পঞ্চায়েতে জানানো হলেও কার্যকর কোনও পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার তীব্র বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। নিত্যদিনের দুর্ভোগের কথা জানিয়ে হাতে প্লাকার্ড নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তাঁরা। পরে ঘটনার খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে পৌঁছায় পুলিস ও এলাকার পঞ্চায়েত প্রধান।
জানা যাচ্ছে, হুগলির আরামবাগ ব্লকের বাতানল অঞ্চলে দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল অবস্থা। যার কারণে রোজ যাতায়াতের পথে চরম ভোগান্তির শিকার হতে হয় গ্রামবাসীদের। এই বিষয়ে একাধিকবার গ্রামবাসীদের তরফে পঞ্চায়েত অফিসে জানান হলেও কোন পদক্ষেপ করা হয়নি। এমনকি প্রতিবাদ জানাতে গেলে মহিলাদের তাড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।
এই পরিস্থিতিতে আজ সকালে বাতানল অঞ্চলের বেঙা এলাকায় গ্রামবাসীরা হাতে প্লাকার্ড নিয়ে বাঁশ দিয়ে রাস্তা ঘিরে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি, এই রাস্তা দিয়েই প্রতিদিন স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রীদের যাতায়াত করতে হয়। অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও এই রাস্তাই ভরসা। কিন্তু রাস্তার দুরবস্থার কারণে সবদিক থেকেই অসুবিধায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। অন্যদিকে বর্ষাকালে কাদাজলে আর গর্তে পরিস্থিতি হয়ে আরও ভয়াবহ ওঠে।
পরে এই ঘটনার খবর পেতেই সেখানে পৌঁছায় আরামবাগ থানার পুলিস। পাশাপাশি উপস্থিত হন বাতানল পঞ্চায়েত প্রধান দিলীপ রায়। তাঁকে দেখতেই উত্তেজনায় ফেঁটে পড়েন ক্ষুব্ধ গ্রামবাসীরা। দ্রুত রাস্তা সংস্কার করতে হবে জানিয়ে দাবি তোলেন তাঁরা। তাঁদের সাফ দাবি, রাস্তা চাই, প্রতিশ্রুতি নয়। এখন নির্বাচনের আগে এলাকার রাস্তা মেরামতির কাজ কবে থেকে শুরু হয়, সেই দিকে তাকিয়ে এলাকাবাসীরা।