বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় ভোট প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাজ্যের তিন জেলায় জনসভা করবেন তিনি। আজ প্রথমেই পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় জনসভায় যোগ দিয়েছেন মোদী। এরপর...
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় ভোট প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাজ্যের তিন জেলায় জনসভা করবেন তিনি। আজ প্রথমেই পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় জনসভায় যোগ দিয়েছেন মোদী। এরপর পশ্চিম বর্ধমানের আসানসোল এবং বীরভূমের সিউড়িতেও সভা করবেন তিনি। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এদিন তাঁর সভা শুরু হওয়ায় বিলম্ব হয়। নির্ধারিত সময়ের বেশ অনেকটা পরেই হলদিয়ায় পৌঁছায় মোদীর চপার।
আজ হলদিয়ার মাখনবাবুর বাজার এলাকায় প্রথম জনসভা করছেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা অশোক দিন্দা, তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়-সহ জেলার অন্যান্য নেতৃত্বরা। এদিন সভায় বক্তৃতা রাখার শুরুতেই তিনি বলেন, 'পাঁচ বছর আগে নন্দীগ্রাম পরিবর্তনের পথ দেখিয়েছিল। এ বার তার পুনরাবৃত্তি হবে ভবানীপুরে। গোটা পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে।' এমতাবস্থায় বিশেষজ্ঞদের মতে, বাংলায় এবার বিজেপির ভোট বৈতরণী পার করতে শুভেন্দু অধিকারীর উপর একটু বেশিই ভরসা রাখছেন কেন্দ্রের শীর্ষ নেতৃত্বরা। যার প্রমাণ কিছুদিন আগেও পাওয়া গিয়েছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শুভেন্দুর মনোনয়ন দাখিলে উপস্থিত হয়েছিলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও সেদিন নজিরবিহীন অশান্তি তৈরি হয়েছিল শুভেন্দু-শাহের রোড শো-এ। পরে পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিন সভা থেকে মোদী আরও বলেন, 'দেশ এগোচ্ছে, কিন্তু নির্মম সরকার বাংলাকে পিছিয়ে দিয়েছে। হলদিয়ার কারখানায় তালা ঝুলছে। বাংলায় পরিবর্তনের ঝড় বইছে। তৃণমূলের বিদায় নিশ্চিত।' তাঁর আরও সংযোজন, 'প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী এক সঙ্গে কাজ করলেই বাংলার লাভ, তাই রাজ্যে চাই ডবল ইঞ্জিন সরকার।'