বহু অপেক্ষার অবসান। আগেই আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ হয়েছে। এর পর কাউন্সেলিং-এর দিন ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। আগামী ৩ অক্টোবর শুরু হবে উচ্চ প্রাথমিকের প্রথম পর্বের কাউন্সেলিং। ক...
বহু অপেক্ষার অবসান। আগেই আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ হয়েছে। এর পর কাউন্সেলিং-এর দিন ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। আগামী ৩ অক্টোবর শুরু হবে উচ্চ প্রাথমিকের প্রথম পর্বের কাউন্সেলিং। কমিশন সূত্রে খবর, পুজোর আগে দুদিন হবে কাউন্সেলিং। তারপর আবার অক্টোবরের শেষ সপ্তাহে।
২০১৫ সাল থেকে দীর্ঘ ৯ বছর ধরে আইনি জটে আটকে আছে উচ্চ প্রাথমিকের এই নিয়োগ মামলা। হাইকোর্ট থেকে শীর্ষ আদালতে হয়েছে শুনানি। পথে নেমে দীর্ঘদিন আন্দোলনও করেছেন চাকরি প্রার্থীরা। অবশেষে পুজোর আগেই মিলল স্বস্তি। স্কুল সার্ভিস কমিশনের ঘোষণা অনুযায়ী, উচ্চ প্রাথমিকে শূন্যপদের সংখ্যা ১৪,৩৩৯। আদালতের নির্দেশের পর ১৪ হাজার ৫২ জনের নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি। কাউন্সেলিং শেষে হলে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। এসএসসি থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, কোন দিন কোন বিষয়ে কত জনের কাউন্সেলিং হবে। সেখানেই জানানো হয়েছে, ৩ ও ৪ অক্টোবরের পর আবার কাউন্সেলিং হবে অক্টোবরের শেষে। পুজোর পর ২৪, ২৫, ২৮ ও ২৯ অক্টোবর হবে কাউন্সেলিং।
উল্লেখ্য, কাউন্সেলিং প্রক্রিয়া মিটলে পরবর্তী এক মাসের মধ্যে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করারও নির্দেশ দিয়েছিল আদালত। সেক্ষেত্রে পুজোর একমাসের মধ্যে উচ্চ প্রাথমিক স্কুলে কয়েক হাজার নতুন শিক্ষক শিক্ষিকা চাকরির নিয়োগপত্র পাবেন বলে মনে করা হচ্ছে।