বুধবারের মত বৃহস্পতিবারও দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকল রাজ্য জুড়ে। দক্ষিণ থেকে উত্তর-প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইছে এ...
বুধবারের মত বৃহস্পতিবারও দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকল রাজ্য জুড়ে। দক্ষিণ থেকে উত্তর-প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইছে একাধিক জেলায়। আজ সারাদিন ধরে এমনই বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে বলে খবর হাওয়া অফিস সূত্রে।
অন্যান্য জেলার পাশাপাশি কলকাতাতেও সকাল থেকে আকাশের মুখ ভার। দফায় দফায় চলছে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। বুধবার মধ্যরাত থেকেই ঝাঁজ বেড়েছে বৃষ্টির। বিগত কয়েকদিনের লাগাতার বৃষ্টিপাতে একধাক্কায় অনেকখানি নেমেছে তাপমাত্রার পারদ। স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে শহরের।
আলিপুর হওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যা উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত। সেই কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বাড়ছে দুর্যোগ। তবে শুক্রবার থেকে এই ছবি কিছুটা বদলাবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা গুলোর পাশাপাশি উত্তরবঙ্গেরও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ও হতে পারে। তবে শুক্রবার থেকে এই অবস্থার উন্নতি হবে। আগামী সোমবার পর্যন্ত নতুন করে কোনও দুর্যোগের আশঙ্কা নেই। ফলে তাপমাত্র বাড়বে কিছুটা। অন্যদিকে উত্তরের জেলা গুলিতে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত জারি থাকবে দুর্যোগ।