শিক্ষাঙ্গনে ভিতরে ঢুকে বিজেপি বিধায়কের দাদাগিরি! অভিযোগ, স্কুলে বিনা অনুমতিতে ঢুকে ক্লাসরুমে শিক্ষকের সঙ্গে বচসা। ইতিমধ্যে, বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটে বাঁকুড়ার ইন্...
শিক্ষাঙ্গনে ভিতরে ঢুকে বিজেপি বিধায়কের দাদাগিরি! অভিযোগ, স্কুলে বিনা অনুমতিতে ঢুকে ক্লাসরুমে শিক্ষকের সঙ্গে বচসা। ইতিমধ্যে, বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটে বাঁকুড়ার ইন্দাসের কুশমুড়ি উচ্চ বিদ্যালয়ে।
জানা গিয়েছে, বিদ্যালয়ে পঠন পাঠন চলাকালীন শ্রেণীকক্ষে ঢুকে পড়েন স্থানীয় বিজেপি বিধায়ক নির্মল ধাড়া। ক্লাসের মেঝে এত নোংরা কেন খোদ শিক্ষকের কাছে জানতে চাইলেন বিধায়ক। অনুমতি না নিয়ে এভাবে ক্লাসে ঢুকে পড়া নিয়ে শিক্ষক প্রতিবাদ জানালে শ্রেণীকক্ষের মধ্যেই ছাত্র ছাত্রীদের সামনে সঙ্গে বাক্-বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিধায়ক। ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ ওই শিক্ষক।
বিধায়কের এহেন আচরণের রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে শুরু হয় মিটিং-মিছিল। শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগে প্রতিবাদ মিছিল ও জেলা বিদ্যালয় পরিদর্শককে ডেপুটেশন দেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে ওই সংগঠনের সদস্যরা মিছিল করে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) দপ্তরের সামনে এসে পৌঁছন। সেখানেই এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা নেতৃত্ব।
প্রতিবাদ কর্মসূচীতে উপস্থিত পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা নেতা গোরাচাঁদ কান্তের দাবি, ইন্দাসের ওই ঘটনায় শিক্ষক সমাজ আতঙ্কিত। ভবিষ্যতে বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে শিক্ষকদের কি পরিস্থিতি হবে তা পরিষ্কার বোঝা যাচ্ছে। ইতিমধ্যে ওই বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এবার তাঁরা সংগঠনগতভাবে জেলার প্রতিটি থানাতেই বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন বলে তিনি জানান।